উত্তরা প্রতিদিন
ঢাকা

পবায় ইউএনও কাপের ফাইনালে দর্শনপাড়া ইউনিয়ন ফুটবল দল

উত্তরা প্রতিদিন ক্রীড়া প্রতিবেদক ২৬ নভেম্বর ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ণ
পবায় ইউএনও কাপের ফাইনালে দর্শনপাড়া ইউনিয়ন ফুটবল দল

পবা উপজেলায় অনুষ্ঠিত ‘ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’-এর প্রথম সেমিফাইনালে নাটকীয় জয় পেয়েছে দর্শনপাড়া ইউনিয়ন ফুটবল দল। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ট্রাইবেকারে পারিলা ইউনিয়নকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা। শুরু থেকেই মাঠভর্তি দর্শকদের উচ্ছ্বাস, ঢাক-ঢোলের তালে তালে স্থানীয় সমর্থকদের স্লোগান—সব মিলিয়ে পুরো মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

খেলার প্রতিটি মুহূর্তে দুই দলের ফুটবলারদের গতি, দক্ষ পাসিং, আক্রমণ-প্রতি-আক্রমণ এবং গোলরক্ষকদের দৃঢ় ভূমিকা দর্শকদের ধরে রাখে টানটান উত্তেজনায়। কিশোর-তরুণদের ব্যাপক উপস্থিতি, স্থানীয় ফুটবলপ্রেমীদের করতালি আর সমর্থনের ঢেউ এই স্থানীয় টুর্নামেন্টকে এনে দেয় বড় কোনো আয়োজনের আবহ।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নিয়েছে দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়নসহ মোট দশটি দল। তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা, স্থানীয় প্রতিভা অন্বেষণ এবং সুস্থ বিনোদন ছড়িয়ে দিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন পবা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ওইদিন চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হবে ট্রফি ও পুরস্কার। তার আগে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দর্শনপাড়া স্কুল মাঠে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে নওহাটা পৌরসভা ও বড়গাছী ইউনিয়ন দল। পুরো উপজেলাজুড়ে এখন চূড়ান্ত লড়াইকে ঘিরে উচ্ছ্বাস ও উত্তাপ বাড়ছে।

সেমিফাইনাল ম্যাচকে ঘিরে মাঠে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, পারিলা ইউপি চেয়ারম্যান সাঈদ আলী, দর্শনপাড়া ইউপি চেয়ারম্যান মো. আজাদ আলী, উপজেলা সিএ শহিদুল ইসলাম, উপ-প্রশাসনিক কর্মকর্তা সেলিম রেজা প্রমুখ। জনপ্রতিনিধি, ক্রীড়াবিদ, শিক্ষার্থী ও বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে ম্যাচটি পরিণত হয় ‘তারুণ্যের উৎসব’-এর এক প্রাণবন্ত মিলনমেলায়।

ফাইনাল ম্যাচকে সামনে রেখে পবা উপজেলায় এখন উৎসুক প্রতীক্ষা—কোন দল তুলে নেবে ‘ইউএনও কাপ ২০২৫’-এর শ্রেষ্ঠত্বের ট্রফি।

Read more — খেলাধুলা
Home