
তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধে মুসলমানদের জড়িয়ে পড়া কিয়ামতের অন্যতম আলামত। রাসুলুল্লাহ (সা.) তাদের মুখমণ্ডলের যে বিবরণ দিয়েছেন তা তাতার ও তুর্কিদের সঙ্গে মিলে যায়। তাতার ও তুর্কিরা একই বংশোদ্ভূত দুটি জাতি। তুর্কিদের সহায়তায় তাতাররা বিশ্বজয় করতে সক্ষম হয়েছিল। বর্তমান তুর্কি জাতি ও তাতাররা ইয়াজুজ-মাজুজের বংশধর ছিল। বাদশাহ জুলকারনাইনের প্রাচীরের বাইরে থাকা লোকেরাই পরে তুর্কি, তাতারি বা মঙ্গল নামে পরিচিত হয়ে পৃথিবীতে বহু ধ্বংসলীলা চালিয়েছে। তাদের ধ্বংসলীলা ভবিষ্যতে আগত ইয়াজুজ-মাজুজের ধ্বংসলীলার ভয়াবহতা স্মরণ করিয়ে দেয়। এদের অনেকে ইসলাম গ্রহণ করে এবং শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়। এদেরই একটি অংশ তাতারদের জুলুমের বিরুদ্ধে লড়াই করে ওসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল।’ [উক্ত হাদিসের ব্যাখ্যায় ইবনে হাজার আসকালানী]
যেমন বিভিন্ন হাদিছে এসেছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না, যে পর্যন্ত মুসলিমরা তুর্কিদের সঙ্গে যুদ্ধ না করবে। তারা এমন সম্প্রদায়, যাদের মুখমণ্ডল হবে চামড়া জড়ানো ঢালের ন্যায় (গোশতবহুল)। তারা পশমি পোশাক পরবে এবং পশমের ওপর (পশমযুক্ত জুতা পায়ে) হাঁটবে। (মুসলিম-২৯১২, আবু দাউদ-৪৩০৩)
আমর ইবনু তাগলিব (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, নবি করীম (সা.) বলেছেন, কিয়ামতের আলামতসমূহের একটি এই যে, তোমরা এমন এক জাতির বিরুদ্ধে যুদ্ধ করবে, যারা পশমের জুতা পরিধান করবে। কিয়ামতের আরেকটি আলামত এই যে, তোমরা এমন এক জাতির বিপক্ষে যুদ্ধ করবে, যাদের মুখমণ্ডল হবে চওড়া, তাদের মুখমণ্ডল যেন পিটানো চামড়ার ঢাল।’ (বুখারি-২৯২৭; মুসলিম-২৯১২)
আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তত দিন কিয়ামত সংঘটিত হবে না, যত দিন তোমরা এমন তুর্কি জাতির বিপক্ষে যুদ্ধ না করবে, যাদের চোখ ছোট, চেহারা লাল, নাক চেপ্টা এবং মুখমণ্ডল পেটানো চামড়ার ঢালের মতো। আর তত দিন কিয়ামত সংঘটিত হবে না, যত দিন না তোমরা এমন এক জাতির বিপক্ষে যুদ্ধ করবে, যাদের জুতা হবে পশমের।’ (বুখারি, ২৯২৮-২৯২৯; মুসলিম, ২৯১২)
এই যুদ্ধ মুআবিয়া (রা.)-এর আমলে একবার হয়েছে এবং পরে একাধিকবার হয়েছে। ইমাম নববি (রহ.) বলেন, রাসুলুল্লাহ (সা.) কর্তৃক বর্ণিত গুণাবলিসম্পন্ন তুর্কিদের সঙ্গে যুদ্ধ ঘটেছে। এসব কিছু আমাদের আমলেই হয়েছে। মুসলমানগণ একাধিকবার তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং এখনো যুদ্ধ চলছে। (শরহুন নববি) উল্লেখ্য যে, তাতারদের বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ যুদ্ধ হয়েছে আববাসীয় খলিফা মুস্তাকিম বিল্লাহ ও শায়খুল ইসলাম ইমাম ইবনু তায়মিয়া (রহ.)-এর আমলে।

