
ফ্যাসিবাদী শক্তি নাশকতা বা অগ্নিসংযোগ করলে পুলিশ প্রশাসনকে গুলি করার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর। সোমবার দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে ভাসানীর মাজারে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তার এই বক্তব্যে মানবাধিকার লঙ্ঘন হবে কি না এমন প্রশ্নের জবাবে নূর বলেন, যারা যাত্রীবাহী বাসে ককটেল বা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করতে চায়, তাদের বিরুদ্ধে দাঁড়ানো মানুষের অধিকার আছে। আত্মরক্ষার সাংবিধানিক অধিকার রয়েছে। নিরীহ মানুষ মিটিং-মিছিল করলে তাদেরকে পুলিশ দিয়ে গুলি করার কথা আমি বলিনি। যাদের হাতে ককটেল আছে, যারা বোমা মারতে বা নাশকতা করতে চায়, তাদের বিরুদ্ধেই গুলি করার আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও বলেন, দেশে ২৪-এর গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও বিএনপি দুইটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ছিল। আওয়ামী লীগ আজ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। তারপরও আওয়ামী লীগের দেশে এখনো একটি সমর্থক গোষ্ঠী আছে। যারা শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন আমল সমর্থন করেননি, পরিস্থিতির কারণে হয়তো দল করেছেন। তারা এলাকায় কারও ওপর নির্যাতন বা জুলুম করেননি। আমি বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, এনসিপিসহ সব রাজনৈতিক দলকে আহ্বান জানাব আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা যদি রাজনীতি করতে চান, আমরা তাদের সব দলে জায়গা করে দেব।
তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি করা ভাই-বোনদের বলতে চাই যারা হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে থেকে আপনাদেরকে ককটেল হামলা বা রেললাইনে নাশকতার স্পন্সর করছে, তাদের কথায় রাস্তায় নেমে নিজের জীবনে অন্ধকার ডেকে আনবেন না।
এ সময় গণঅধিকার পরিষদের টাঙ্গাইল জেলা ও কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

