
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, একটি দল বিএনপির ভেতরে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার সকালে রাজশাহীর গোদাগাড়ীতে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে অনুষ্ঠিত সমাবেশে এ আহ্বান জানান মির্জা ফখরুল। এ সময় তিনি রাজশাহী–১ (গোদাগাড়ী–তানোর) আসনে দলের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং তার পক্ষে কাজ করার অনুরোধ জানান।
মির্জা ফখরুল বলেন, “একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এর মাধ্যমে তারা ফায়দা নিতে চায়। নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে—দলে কোনো ধরনের দ্বন্দ্ব বা বিভাজন সৃষ্টি করা যাবে না।”
তিনি আরও বলেন, “আরেকটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আমাদের অতীত অভিজ্ঞতা বলে, এদের দ্বারা দেশের পরিবর্তন বা রাষ্ট্রের শৃঙ্খলা পুনরুদ্ধার সম্ভব নয়।”
সমাবেশে তিনি প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের এলাকার প্রতি অবদান স্মরণ করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আসনে এবার আমিনুল হকের ভাই শরিফ উদ্দিনকে মনোনয়ন দিয়েছেন। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে তার পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
এর আগে মির্জা ফখরুল গোদাগাড়ীর ফাজিলপুর গোরস্থানে ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরিফ উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। পরে তিনি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।

