উত্তরা প্রতিদিন
ঢাকা

নির্বাচনী ট্রেন চলমান, এটা রোধের ক্ষমতা কারও নেই: মিলন

উত্তরা প্রতিবেদক ১০ নভেম্বর ২০২৫, ০৮:২৩ অপরাহ্ণ
নির্বাচনী ট্রেন চলমান, এটা রোধের ক্ষমতা কারও নেই: মিলন

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি জোরদার করার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ–সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের ট্রেন ইতোমধ্যে চলতে শুরু করেছে। এই ট্রেন কেউ রোধ করতে পারবে না। কেউ কেউ ষড়যন্ত্র করছে, কিন্তু জনগণ তাদের রুখে দিতে প্রস্তুত।”

সোমবার বিকেলে পবা উপজেলার বড়গাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে মিলন এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিলন বলেন, “বাংলাদেশ এখন ফ্যাসিস্ট ও স্বৈরাচারমুক্ত। তবে তাদের দোসররা আবারও দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত শুরু করেছে। কিন্তু এতে কোনো লাভ হবে না। জনগণই এবার ভোটের মাধ্যমে তাদের জবাব দেবে।”

তিনি আরও বলেন, “বিগত সতের বছরে মানুষ ভোট দিতে পারেনি। এবারে ভোট দেয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে। সবাই যেন নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”

নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে মিলন বলেন, “দল আমাকে পবা-মোহনপুর আসনে মনোনয়ন দিয়েছে। আমি নির্বাচিত হলে এ অঞ্চলের রাস্তা, স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান ও বেকার সমস্যা নিরসনে কাজ করব।”

বক্তব্যে জামায়াতে ইসলামীকে কঠোর সমালোচনা করে মিলন বলেন, “জামায়াত ১৯৪৭ সালে ভারতের পক্ষ নিয়েছিল, ১৯৭১ সালে পাকিস্তানের পক্ষে ছিল, আর এখন বেহেস্তের টিকিট বিক্রি করছে। দাড়িপাল্লায় ভোট দিলে বেহেস্ত কনফার্ম—এমন ভণ্ডামিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাই।”

তিনি বলেন, “একসময় যারা বিএনপির সঙ্গে ছিল, এখন তারা গণভোটের কথা বলছে, আবার সংস্কারের কথা বলছে। নির্বাচনের সময় এরা বারবার পল্টি মারে।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গে মিলন বলেন, “বেগম জিয়া অন্যায়ের সঙ্গে আপস করেননি বলেই তিনি আজ আপসহীন নেত্রী হিসেবে বিশ্বে পরিচিত। তিনি তিনবার প্রধানমন্ত্রী, দুইবার বিরোধীদলীয় নেত্রী ছিলেন। ২৩টি আসনে নির্বাচন করে সব জায়গায় জয় পেয়েছিলেন। এবারও তিনি তিনটি আসনে লড়বেন।”

তিনি বলেন, “ওয়ান-ইলেভেনের সময় তাঁকে কারাগারে রাখা হয়েছিল। তাঁর সন্তানদের নিয়ে দেশ ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি দেশ ছাড়েননি। দেশের মানুষের জন্য তিনি এখনো লড়ছেন।”

তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর প্রসঙ্গ টেনে মিলন বলেন, “তাদের ওপরও নির্যাতন চালানো হয়েছিল। কোকো আর দেশে ফিরতে পারেননি, তিনি বিদেশের মাটিতেই মারা যান। তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন—এমন আশাবাদ ব্যক্ত করছি।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মোনাফেকদের ষড়যন্ত্র ও মিথ্যাচারে বিভ্রান্ত না হয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন বড়গাছী ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল মণ্ডল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও আব্দুস সালাম মাস্টার, নওহাটা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে.এইচ রানা শেখ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Read more — রাজনীতি
Home