
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীর বাঘায় বিএনপির বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক এবং রাজশাহী–৬ (চারঘাট–বাঘা) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু সাঈদ চাঁদ। তিনি বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে তাৎপর্যপূর্ণ একটি দিন। এ দিনটি স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হিসেবে আমাদের অনুপ্রাণিত করে। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে নিরলসভাবে কাজ করছে। তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।” সভায় আরও বক্তব্য রাখেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল ইসলাম বাবলু, জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাহউদ্দিন আহমেদ শামিম সরকার, উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপির সদস্য সুরুজ্জামান সুরুজ ও মুখলেছুর রহমান মুকুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সালেহ আহমেদ সালাম, সাবেক স্বেচ্ছাসেবকদল নেতা মো. শহিদুল ইসলাম, সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম শফি প্রমুখ। আলোচনা শেষে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বাঘার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমচত্তরে গিয়ে শেষ হয়। র্যালি চলাকালে বিএনপির নেতাকর্মীরা উচ্ছ্বাস ও স্লোগানে মুখর ছিলেন। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

