উত্তরা প্রতিদিন
ঢাকা

‘এ কেমন পাগলামি’- ভারতে ভোটার তালিকায় নিজের ছবি দেখে ব্রাজিলের মডেল

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৬ নভেম্বর ২০২৫, ০৮:০৪ অপরাহ্ণ
‘এ কেমন পাগলামি’- ভারতে ভোটার তালিকায় নিজের ছবি দেখে ব্রাজিলের মডেল

ভারতের হরিয়ানা রাজ্যের ভোটার তালিকায় ব্রাজিলের এক মডেলের ছবি ব্যবহার করা হয়েছে। বুধবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী এমন অভিযোগ তোলার পর প্রতিক্রিয়া দেখালেন ব্রাজিলের সেই মডেল।

সংবাদ সম্মেলনে রাহুল অভিযোগ করেন, এই মডেলের ছবি ব্যবহার করে ভোটার তালিকায় অন্তত ২২ জনের নাম নিবন্ধন করা হয়েছে। সুইটি, সীমা, সরস্বতী নামের এসব ভোটারেরা গত বিধানসভা নির্বাচনে ভোটও দিয়েছেন। যা বিজেপির পরিকল্পিত ভোট চুরি।

বৃহস্পতিবার এনডিটিভি জানিয়েছে, রাহুলের সংবাদ সম্মেলনের পর লরিসা নেরি নামের ওই মডেল প্রতিক্রিয়া জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। যা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এখন ভাইরাল।

ভিডিওতে লরিসাকে বলতে শোনা যায়, ‘রাহুল গান্ধী সংবাদ সম্মেলনে যে ছবিটি দেখিয়েছেন, সেটি বহু বছর আগের। তখন আমার বয়স ছিল প্রায় ২০ বছর। ওরা আমার পুরনো একটা ছবি ব্যবহার করছে। তারা আমাকে ভারতীয় হিসেবে দেখিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে। এ কেমন পাগলামি। কী উন্মাদ পৃথিবীতে আমরা আছি।’

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে লরিসা নেরি লিখেন, ‘রহস্যময়ী ব্রাজিলিয়ান মডেল হিসেবে আমি এখন ভারতে বিখ্যাত’।

বুধবারের সংবাদ সম্মেলনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেন, ১০টি বুথে ব্রাজিলের এই মডেলের ছবি সম্বলিত কার্ড দিয়ে ভোট দেওয়া হয়েছে। গত বছর হওয়া বিধানসভা নির্বাচনে বিজেপি ২৫ লাখ ভোট চুরি করেছে।

ক্ষমতাসীন দল বিজেপির পক্ষ থেকে বুধবার রাহুলের অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে দলীয় নেতারা এমন অভিযোগকে অবাস্তব ও রাজনৈতিক নাটক বলে দাবি করছেন।

 

 

Read more — আন্তর্জাতিক
Home