
সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতা মোদাব্বির হোসেনকে কনুই দিয়ে আঘাত করার ঘটনায় ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা আবদুস সালাম। রবিবার ফোন করে তিনি মোদাব্বির হোসেনের কাছে দুঃখ প্রকাশ করেন।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক মোদাব্বির হোসেন। তিনি বর্তমানে বাংলাদেশ প্রতিদিন–এর অতিরিক্ত বার্তা সম্পাদক ও বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য। সাংবাদিক মহলে তিনি সজ্জন মানুষ হিসেবে পরিচিত।
গণমাধ্যমকে মোদাব্বির বলেন, দুই দিন আগে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে এসেছিলেন। তার বিদায়ের সময় অন্যান্য সাংবাদিক নেতাদের সঙ্গে আমিও সেখানে যাই। আমি দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই আবদুস সালাম সাহেব কনুই দিয়ে আমার বুকে সজোরো আঘাত করেন। আমি হতভম্ব হয়ে যাই। আমি শারীরিক ও মানসিকভাবে কষ্ট পেয়েছি। ঘটনার আকস্মিকতায় আমি বাকরুদ্ধ হয়ে যাই। এরপর সামাজিক মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে রবিবার আবদুস সালাম সাহেব আমার কাছে ক্ষমা চান। ঘটনার পর বিভিন্ন মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সাংবাদিক সহকর্মী ও দেশবাসী ক্ষোভ প্রকাশ করতে থাকেন।
মোদাব্বের হোসেন আরও বলেন, আজও সালাম সাহেব প্রেস ক্লাবে এসেছেন বলে আমি শুনেছি। আমি তাকে ক্ষমা করে দিয়েছি।
এস আই/ ডেস্ক

