উত্তরা প্রতিদিন
ঢাকা

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার রাখব না: বিজেপি নেতা জগন্নাথ সরকার

উত্তরা প্রতিদিন বিদেশ ডেস্ক ২ নভেম্বর ২০২৫, ০৮:০৪ অপরাহ্ণ
ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার রাখব না: বিজেপি নেতা জগন্নাথ সরকার

ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে কাঁটাতার সরিয়ে দুই দেশকে “এক হয়ে যাওয়ার” মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন পশ্চিমবঙ্গের রাণাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তার এই মন্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া ও পাল্টা প্রতিক্রিয়া।

গত বৃহস্পতিবার নিজের এলাকায় এক জনসভায় জগন্নাথ সরকার বলেন, “আমরা প্রতিশ্রুতি দিচ্ছি— যদি বিজেপি এবার নির্বাচনে জেতে, ভারত ও বাংলাদেশের মধ্যে আর কোনো কাঁটাতার থাকবে না। আগে তো আমরা এক দেশ ছিলাম, ভবিষ্যতেও এক হব।”

তিনি আরও বলেন, “তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে কাঁটাতার থাকবে না ঠিকই, কিন্তু তখন এ রাজ্যটাই বাংলাদেশে পরিণত হবে।”

তার এই বক্তব্য প্রকাশ্যে আসতেই ঝড় বয়ে যায় রাজ্য রাজনীতিতে। তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে “ভণ্ডামি ও বিভ্রান্তিকর প্রচারণা”র অভিযোগ তোলে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স (পূর্বের টুইটার)-এ লিখেছেন, “বিজেপি নেতৃত্বের ভণ্ডামি এখন চরমে। রাণাঘাটের বিজেপি সাংসদ ঘোষণা দিচ্ছেন— বিজেপি ক্ষমতায় এলে ভারত-বাংলাদেশ সীমান্ত উঠে যাবে, দুই দেশ এক হবে! অথচ একই বিজেপি সরকার রাজ্যকে সীমান্ত রক্ষায় ভূমি না দেওয়ার দায়ে অভিযুক্ত করছে!”

তবে বিতর্ক থামাতে সামনে আসেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেন, “আমার মনে হয় তিনি ভুলভাবে উদ্ধৃত হয়েছেন। সীমান্তে কাঁটাতার না থাকার প্রশ্নই আসে না। যেখানে কাঁটাতার নেই, সেখানেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

ভারত-বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য প্রায় ২২১৬ কিলোমিটার— যা ভারতের অন্য যেকোনো রাজ্যের তুলনায় সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত। এর মধ্যে প্রায় ১৬৪৭ কিলোমিটার এলাকায় কাঁটাতার বসানো হয়েছে, বাকি ৫৬৯ কিলোমিটার এলাকায় কাজ চলছে। নদী ও দুর্গম ভূখণ্ডের কারণে প্রায় ১১২ কিলোমিটার এলাকায় এখনো কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি। সূত্র: হিন্দুস্থান টাইমস

 

Read more — আন্তর্জাতিক
Home