
ফের দুর্যোগের কবলে পশ্চিমবঙ্গ। দু'দিন ধরে উত্তরবঙ্গের পাহাড় এবং সমতলে চলছে তুমুল বৃষ্টিপাত। এর প্রভাবে বিপৎসীমার ওপর বইতে শুরু করেছে তিস্তার পানি। তার সঙ্গে ফুঁসছে তোর্সা, বালাসনও। এ কারণে মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে জলপাইগুড়ি সেচ দপ্তর।
তবে জলঢাকা নদীতে কোনো সতর্কতা জারি নেই। পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে কর্তৃপক্ষ।
এরই মধ্যে তিস্তার গজলডোবা ব্যারেজ থেকে পানি ছাড়া হয়েছে ৮৫৭ কিউসেক। পরবর্তীতে এর পরিমাণ আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে। পানিস্তর নিম্নমুখী হওয়ায় সেটি বাংলাদেশের দিকে চলে যেতে পারে, যার কারণে দেশটিতে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
তোর্সা নদীর দু’কূল উপচে পানি চা বাগানের ভেতরে প্রবেশ করতে শুরু করেছে। নদীর পানি বাগানে ঢুকে এরই মধ্যে বহু জায়গায় চা গাছের ক্ষতি করছে।
বৃষ্টির পরিমাণ বাড়ার ফলে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে দার্জিলিংয়ের সরস মেলা। তবে পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে মেলা ফের চালু করা হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
হঠাৎ করে আবহাওয়ার এই পরিবর্তনে সমস্যায় পড়েছেন জলপাইগুড়িসহ উত্তরবঙ্গের অধিকাংশ মানুষ। লাগাতার বৃষ্টির মধ্যেই জীবনজীবিকার টানে রাস্তায় বেরিয়ে বিপাকে পড়তে হচ্ছে তাদের।

