
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুব সংগঠন জাতীয় যুবশক্তি তাদের ঘোষিত সাত দফা ইশতেহারের ভিত্তিতে ধারাবাহিক কর্মশালা আয়োজন শুরু করেছে। এ উদ্যোগের প্রথম কর্মশালাটি সম্প্রতি অনুষ্ঠিত হয়, যেখানে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ইশতেহারের প্রথম দুটি দফা— যুব কর্মসংস্থান ও চাকরির নিরাপত্তা ও সুবিধা।
জাতীয় যুবশক্তির মুখ্য যুব উন্নয়ন সমন্বয়ক খালেদ মাহমুদ মুস্তাফার সঞ্চালনায় আজ রোববার দিনব্যাপী প্রায় চার ঘণ্টার এই কর্মশালায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্যরা অংশ নেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলো তুলে ধরেন। পাশাপাশি সরকারি-বেসরকারি খাতে চাকরির নিরাপত্তা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নিশ্চিতকরণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্প্রসারণ এবং একটি স্থিতিশীল ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
উন্মুক্ত মতবিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারীরা দুটি দফাকে বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনায় রূপ দেওয়ার বিষয়ে একমত হন।
কর্মশালার সমাপনী পর্বে বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম এবং সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম। তাঁরা বলেন, যুব উন্নয়ন ও কর্মসংস্থান ইস্যুকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতেও এই ধরনের ধারাবাহিক কর্মশালা আয়োজন অব্যাহত থাকবে।

