
সম্মেলনের ৮২ দিন পর রাজশাহী মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন মামুন অর রশিদ মামুন, সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজুর রহমান রিটন।
শনিবার (১ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে ১৪ সদস্যের আংশিক এই কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
১৪ সদস্যের এই আংশিক কমিটিতে সিনিয়র সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে নজরুল হুদাকে। সহসভাপতির দায়িত্ব পেয়েছেন সাতজন— আসলাম সরকার, ওলিউল হক রানা, অ্যাডভোকেট মো. আলী আশরাফ মাসুম, সফিকুল ইসলাম সাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী।
এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বজলুল হুদা মন্টু, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু।
কমিটিতে দুজন সদস্য রাখা হয়েছে। তাদের একজন সদ্য সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা, আরেকজন মো. মাইনুল আহসান পান্না।
এর আগে ২০২১ সালের ১০ ডিসেম্বর রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তখন আহ্বায়ক ছিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা, সদস্য সচিব ছিলেন মামুন অর রশিদ মামুন। পরে ওই আহ্বায়ক কমিটির পরিধি বাড়িয়ে ৬১ সদস্য করা হয়।
সবশেষ গত ১০ আগস্ট মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে চার বছর আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এর প্রায় তিন মাস পর নতুন কমিটি পেল রাজশাহী মহানগর বিএনপি।

