
আন্তঃনগর ট্রেন তিতুমীর এক্সপ্রেসে অস্বাস্থ্যকর পরিবেশ ও ছারপোকার উপদ্রব নিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, রাজশাহী মহানগর শাখার নেতৃবৃন্দ রেল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকালে সংগঠনটির দপ্তর সম্পাদক মোঃ ইসমাইলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অভিযোগপত্রটি রাজশাহী রেলওয়ে পশ্চিমাঞ্চল কার্যালয়ে জমা দেন।
ছাত্র অধিকার পরিষদ রাজশাহী মহানগর শাখার দপ্তর সম্পাদক মোঃ ইসমাইল জানান, গত ২৭ অক্টোবর ২০২৫ তারিখে তিতুমীর এক্সপ্রেসে ভ্রমণকালে যাত্রীদের মধ্যে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়। ট্রেনের বগিগুলোতে আবর্জনা, অপরিচ্ছন্ন আসন ও ছারপোকার উপদ্রব দেখা যায়। এতে যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা অত্যন্ত কষ্টকর ও অস্বাস্থ্যকর হয়ে ওঠে।
নেতৃবৃন্দ জানান, অনেক যাত্রী তীব্র চুলকানি ও ত্বকের সমস্যায় আক্রান্ত হন। বিশেষ করে এই ট্রেনে উত্তরবঙ্গের অসংখ্য ছাত্র-ছাত্রী নিয়মিত যাতায়াত করেন, ফলে তারা প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতারা এ পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে জানান, ট্রেনের অভ্যন্তরে অস্বাস্থ্যকর পরিবেশ ও অপর্যাপ্ত স্যানিটেশন দেশের অন্যতম গণপরিবহন রেলওয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
সংগঠনের পক্ষ থেকে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে, যেখানে তিনটি প্রধান দাবি জানানো হয়েছে—
১. ট্রেনগুলোতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জীবাণুনাশক স্প্রে কার্যক্রম চালু রাখা।
২. ছারপোকা দমন ও বেডিং-আসন পরিষ্কার রাখায় কর্মীদের দায়িত্বশীল করা।
৩. প্রতিটি যাত্রার আগে বগিগুলোর স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি তদারকি করা।
রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।

