উত্তরা প্রতিদিন
ঢাকা

ল্যুভর জাদুঘরের মূল্যবান রত্ন-গহনা ব্যাংক অব ফ্রান্সে স্থানান্তর

উত্তরা প্রতিদিন বিদেশ ডেস্ক ২৯ অক্টোবর ২০২৫, ০৭:২৮ অপরাহ্ণ
ল্যুভর জাদুঘরের মূল্যবান রত্ন-গহনা ব্যাংক অব ফ্রান্সে স্থানান্তর

সম্প্রতি ঘটে যাওয়া দুঃসাহসিক চুরির ঘটনার পর নিরাপত্তার ঘাটতি ধরা পড়ায় ল্যুভর জাদুঘর তাদের সবচেয়ে মূল্যবান রত্ন ও গহনা স্থানান্তর করেছে ব্যাংক অব ফ্রান্সের অতিসুরক্ষিত ভল্টে।

ফরাসি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত শুক্রবার গোপন পুলিশি নিরাপত্তায় গহনাগুলোর একটি অংশ জাদুঘর থেকে ব্যাংক অব ফ্রান্সে নেওয়া হয়। ব্যাংকটি জাদুঘর থেকে মাত্র ৫০০ মিটার দূরে অবস্থিত।

এখন এই মূল্যবান রত্নগুলো রাখা হয়েছে ব্যাংকের কেন্দ্রীয় ভবনের ২৬ মিটার গভীরে অবস্থিত সর্বোচ্চ নিরাপত্তাসম্পন্ন ভূগর্ভস্থ ভল্টে। এই ভল্টেই সংরক্ষিত আছে ফ্রান্সের ৯০ শতাংশ স্বর্ণভান্ডার, লিওনার্দো দা ভিঞ্চির নোটবুকসহ অসংখ্য ঐতিহাসিক সম্পদ। এর মোট মূল্য আনুমানিক ৬০০ মিলিয়ন ইউরো (প্রায় ৫২০ মিলিয়ন পাউন্ড)।

ব্যাংকের ওয়েবসাইটে বলা হয়েছে, “সুতেরেন (Souterraine)” নামে পরিচিত এই ভল্টটি যেকোনো ধরনের আক্রমণ প্রতিহত করতে সক্ষম। এর প্রবেশপথে রয়েছে ৫০ সেন্টিমিটার পুরু ও সাত টন ওজনের আগুন-প্রতিরোধী কংক্রিটের দরজা, যা ইস্পাত দ্বারা শক্তিশালী করা হয়েছে। এর ভেতরে আছে আরও একটি ৩৫ টন ওজনের ঘূর্ণায়মান কংক্রিট টারেট, যা অনধিকার প্রবেশ একেবারেই অসম্ভব করে তোলে।

গত রবিবার মুখোশধারী চোরেরা একটি শক্তিশালী গ্রাইন্ডার ব্যবহার করে ল্যুভরের গ্যালারি অব অ্যাপোলোর জানালা ভেঙে ভেতরে ঢোকে। চোরেরা একটি লরির পেছনে বসানো যান্ত্রিক মই ব্যবহার করে প্রথম তলার বারান্দা দিয়ে গ্যালারিতে ঢোকে। এখানেই ফ্রান্সের রাজমুকুট ও ঐতিহাসিক রত্ন-গহনা সংরক্ষিত থাকে।

মাত্র আট মিনিটে তারা নিয়ে যায় কয়েকটি অমূল্য সম্পদ, যার মধ্যে ছিল সম্রাট নেপোলিয়নের স্ত্রী সম্রাজ্ঞী মেরি লুইস–এর নেকলেস এবং নেপোলিয়ন তৃতীয়ের স্ত্রী সম্রাজ্ঞী ইউজেনির মুকুট। এসব গহনার আনুমানিক মূল্য প্রায় ৮৮ মিলিয়ন ইউরো (৭৭ মিলিয়ন পাউন্ড)।

ঘটনার পর ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বলেন, “আমাদের পূর্ণ বিশ্বাস আছে— চোরেরা ধরা পড়বেই।”

যদিও ফরাসি সরকার দাবি করেছে, চুরির দিন নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে কাজ করেছিল, তবু ল্যুভরের পরিচালক লরেন্স দে কার স্বীকার করেছেন যে জাদুঘরের অবকাঠামো ‘পুরনো ও দুর্বল’। তিনি জানিয়েছেন, চোরেরা যে দেয়াল দিয়ে প্রবেশ করেছিল, সেখানে থাকা একমাত্র ক্যামেরাটি সেই সময় ভুল দিকে ঘোরানো ছিল।

চুরি যাওয়া কিছু গহনা— এর মধ্যে সম্রাজ্ঞী ইউজেনির মুকুটসহ দুইটি অলংকার— পরে জাদুঘরের কাছাকাছি থেকে উদ্ধার করা হয়। সূত্র: বিবিসি

 

Read more — আন্তর্জাতিক
Home