উত্তরা প্রতিদিন
ঢাকা

পর্তুগালে রাজনৈতিক বিলবোর্ডে 'এটা বাংলাদেশ নয়' লেখা নিয়ে বিতর্ক

উত্তরা প্রতিদিন বিদেশ ডেস্ক ২৮ অক্টোবর ২০২৫, ০৬:২৯ অপরাহ্ণ
পর্তুগালে রাজনৈতিক বিলবোর্ডে 'এটা বাংলাদেশ নয়' লেখা নিয়ে বিতর্ক

পর্তুগালের মন্তিজো শহরের একটি বাসস্টপের পাশে ঝুলানো একটি রাজনৈতিক বিলবোর্ডে বড় অক্ষরে লেখা হয়েছে— ‘Isto não é Bangladesh’। বাংলায় যার অর্থ— ‘এটা বাংলাদেশ নয়।’ এরপর এই বিলবোর্ড ঘিরে তীব্র সমালোচনা শুরু হয় স্থানীয় বাংলাদেশি ও প্রবাসী মহলে।

এটি ঘিরে পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা এটিকে বাংলাদেশকে অপমানজনকভাবে কটাক্ষ করা রাজনৈতিক প্রচারণা বলে মন্তব্য করেছেন।

বিলবোর্ডটিতে দেশটির উগ্র ডানপন্থী রাজনৈতিক দল ‘শেগা’-এর নেতা আন্দ্রে ভেনচুরার ছবি ব্যবহার করে বানানো হয়েছে। আন্দ্রে ভেনচুরা বর্তমানে পর্তুগালের প্রধান বিরোধী দল ‘শেগা’র রক্ষণশীল নেতা। আসন্ন ২০২৬ সালের জানুয়ারির রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তার দল অভিবাসন বিরোধী অবস্থানকে সামনে রেখে প্রচারণা চালাচ্ছে।

সেই প্রচারণার অংশ হিসেবেই দলটি ‘Isto não é Bangladesh’ বা ‘This is not Bangladesh’ স্লোগানকে তাদের নির্বাচনী বার্তা হিসেবে ব্যবহার করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই স্লোগানটি অভিবাসন বিরোধী মনোভাব উসকে দিতে এবং দক্ষিণ এশীয় শ্রমিকদের, বিশেষত বাংলাদেশিদের প্রতি নেতিবাচক ধারণা তৈরি করতে ব্যবহার করা হচ্ছে।

এদিকে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি এই ঘটনাকে ‘বর্ণবাদী রাজনীতির চূড়ান্ত উদাহরণ’ বলে দাবি করেছে।

পর্তুগালে বাংলাদেশি সংগঠন ‘কাজা দো বাংলাদেশ’-এর সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স) বলেন, ‘আন্দ্রে ভেনচুরা একজন বর্ণবাদী নেতা। পর্তুগিজরা সরাসরি কথায় বেশি বিশ্বাস করে, তাই হয়তো তিনি এমন বার্তা দিয়েছেন। কিন্তু এই বিলবোর্ড আমাদের কমিউনিটিতে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।’

তিনি বলেন, ‘বিষয়টি এখন বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ সরকারের নজরে এসেছে। আমরা চাই, এই অপমানজনক প্রচারণার একটি কূটনৈতিক সমাধান হোক।’

 

Read more — আন্তর্জাতিক
Home