উত্তরা প্রতিদিন
ঢাকা

শক্তিশালী দুটি রাজনৈতিক দলের একটি হতে চায় এনসিপি : সারজিস আলম

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৮ অক্টোবর ২০২৫, ০৫:৩০ অপরাহ্ণ
শক্তিশালী দুটি রাজনৈতিক দলের একটি হতে চায় এনসিপি : সারজিস আলম

আগামী জাতীয় নির্বাচনে দেশের শক্তিশালী দুটি রাজনৈতিক দলের একটি হিসেবে আত্মপ্রকাশ করতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম একথা জানান।

তিনি বলেন, “আগামীর বাংলাদেশ, জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদের বাস্তবায়নের জন্য এনসিপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হতে হবে। আমরা চাই, আগামী নির্বাচনে এনসিপি দেশের শক্তিশালী দুটি রাজনৈতিক দলের একটি হিসেবে অংশগ্রহণ করুক।”

সারজিস আলম বলেন, আগামীর সংসদে কোনো রাজনৈতিক দল এককভাবে সরকার গঠন করলে সেই সরকার বা সংসদ স্থায়ী হবে না। তিনি মন্তব্য করেন, “আওয়ামী লীগ প্রশ্নে কিংবা ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে বিএনপি বা জামায়াত— কেউই এককভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না। এই জায়গায় এনসিপি ও তরুণ প্রজন্মের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও অপকর্মের বিরুদ্ধে জনগণের যে জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই লড়াইয়ে বিএনপি বা জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না। বিগত সময়ে বিএনপি এককভাবে জনগণের প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছে এবং জামায়াতও বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারেনি।

“অভ্যুত্থানবিরোধী শক্তি আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা যারা ঐক্যবদ্ধ ছিলাম, সংসদে আমাদের শক্তিশালী উপস্থিতি দরকার,” বলেন সারজিস আলম। তিনি জানান, এ লক্ষ্যেই এনসিপি সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে কাজ করছে।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি জেলা, মহানগর ও ইউনিট পর্যায়ে শক্তিশালী কমিটি গঠনের কাজ চলমান রয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, যুগ্ম মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ, কেন্দ্রীয় কমিটির সদস্য আসিফ নেহাল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং রাজশাহী মহানগর সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।

Read more — রাজনীতি
Home