উত্তরা প্রতিদিন
ঢাকা

ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখতে হবে: সালাহউদ্দিন

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৬ অক্টোবর ২০২৫, ০৬:৪০ অপরাহ্ণ
ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখতে হবে: সালাহউদ্দিন

ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখতে হবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। একইসঙ্গে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করে দিতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য কোনো কারণে নষ্ট হলে তা ফ্যাসিবাদের প্রত্যাবর্তনকে ডেকে আনবে। এ ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যই হবে আমাদের সামনের দিনে এগিয়ে চলার জন্য একমাত্র শক্তি।

রবিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

‘জুলাই সনদ’কে জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার একটি ঐতিহাসিক পূর্ণাঙ্গ দলিল হিসেবে উল্লেখ করে তিনি বলেন বলেন, এ সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট ফোরাম হচ্ছে একটি নির্বাচিত জাতীয় সংসদ। জুলাই সনদ বাস্তবায়নের জন্য যাতে জাতীয় সংসদ বাধ্য থাকে, সেই প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশন বা সরকারের কাছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা যেন কোনোভাবেই সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে না যাই। আমরা যেন এ জাতিকে একটি সুষ্ঠু নিয়মতান্ত্রিক ধারার মধ্যে দিয়ে পরিচালিত করি।

এই বিএনপি নেতা বলেন, কেউ যেন আমাদের এ টোটাল প্রক্রিয়াটাকে একসময় অবৈধ বলে আওয়াজ না দিতে পারে। আগামী ১০ বছর বা ১৫ বছর পরে যাতে এ প্রশ্নটা নিয়ে কেউ আদালতে না যেতে পারে, সেই রকম একটা ভিত্তি আমাদের এখনই রচনা করতে হবে। সুতরাং অতি সাবধানে আমাদের অর্জিত সাফল্যকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।

একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে তিনি বলেন, তাদের অনেক বক্তব্য আছে, যা বিএনপিও ধারণ করে। কিন্তু সেগুলোর একটা বাস্তব রূপ দিতে হবে এবং বাস্তবতার নিরিখে কথা বলতে হবে। এমন কোনো প্রস্তাব দেওয়া উচিত নয়, যাতে ভবিষ্যতে সেগুলো প্রশ্নবিদ্ধ হয়।

Read more — রাজনীতি
Home