
উৎসবমুখর পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় এই ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
চতুর্থ বিজ্ঞান ভবনে বিজয় ২৪ হল কেন্দ্রে প্রথম ভোট দিয়েছেন অর্পণ ধর। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, আমি ভোট দেওয়ার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তিন যুগ পরের রাকসুতে প্রথম ভোট দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
এই কেন্দ্রে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন ফার্মেসি বিভাগের সভাপতি শাহনাজ পারভীন বলেন, আমরা সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ শুরু করেছি। আশা করছি ভোটের পরিস্থিতি শেষ পর্যন্ত সুন্দর থাকবে।
প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, আমাদের শিক্ষার্থীদের ভোট প্রদানের উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে ক্যাম্পাসে ঈদ এসেছে। তারা রঙ-বেরঙয়ের পোশাকও পরে আসছেন। আমরা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো আশঙ্কা করছি না।
নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ২৮ হাজার ৯০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। একজন ভোটারকে ভোট দিতে হচ্ছে মোট ৪৩টি পদে।এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ২৩টি ও হল সংসদের ১৫টি এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫টি পদে ভোট দিতে হবে। নির্বাচন কমিশন একজন ভোটারের ভোটদানের জন্য সর্বোচ্চ ১০ মিনিট সময় নির্ধারণ করেছে। অর্থাৎ প্রতি ১৪ সেকেন্ডে একটি করে ভোট দিতে হচ্ছে ভোটারদের। বিশ্ববিদ্যালয়ের ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রের ৯৯০টি বুথে ভোটাররা ভোট দিচ্ছেন। স্বচ্ছ ব্যালট বক্সে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
জানা গেছে, এবারের নির্বাচনে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলে কেন্দ্রীয় ছাত্র সংসদে ২৩টি পদের বিপরীতে ২৪৭ জন, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫ পদে ৫৮ জন এবং ১৭টি আবাসিক হল সংসদ নির্বাচনে প্রতি হলে ১৫টি পদে মোট ২৫৫ পদের বিপরীতে ৫৯৭ জন প্রার্থী লড়াই করবেন। ভোটযুদ্ধে কেন্দ্রীয় ছাত্র সংসদে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ১৩ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী ১৬ জন লড়াই করবেন।

