উত্তরা প্রতিদিন
ঢাকা

রাকসুতে জাল ভোট ঠেকাতে ‘থ্রি-ডাইমেনশন সিস্টেম’

উত্তরা প্রতিদিন বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ১৫ অক্টোবর ২০২৫, ১০:২৬ অপরাহ্ণ
রাকসুতে জাল ভোট ঠেকাতে ‘থ্রি-ডাইমেনশন সিস্টেম’

রাকসু নির্বাচনে জালিয়াতির কোনো সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশন জানায়, ভোট কেন্দ্রে  একজন ভোটার তিন স্তরের যাচাই শেষে ভোট দেবেন। প্রতিটি ধাপে ফুলপ্রুফ নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ বলেন, ‘ভোটে কারচুপি ঠেকাতে আমরা শুধুমাত্র অমোচনীয় কালির ওপর নির্ভর করছি না। আমরা “থ্রি-ডাইমেনশনাল সিকিউরিটি সিস্টেম’র  নিশ্চিত করছি। প্রথম ধাপে যাচাই করা হবে ভোটারের শিক্ষার্থী আইডি কার্ডের সত্যতা। দ্বিতীয় ধাপে মিলিয়ে দেখা হবে ভোটারের ইউনিক আইডি নম্বর। তৃতীয় ধাপে ছবিযুক্ত ভোটার তালিকা থেকে যাচাই শেষে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে।’

তিনি আরও জানান, কোনো পর্যায়ে সন্দেহ তৈরি হলে বিশেষ কিউআর কোডের মাধ্যমে ভোটারের তথ্য যাচাই করা হবে। এই পুরো প্রক্রিয়াকে নাম দেওয়া হয়েছে ‘থ্রি ডাইমেনশনাল সিকিউরিটি সিস্টেম’, যেখানে প্রতিটি ধাপে ফুলপ্রুফ নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।  রাকসু নির্বাচনে ১০টি প্যানেল ও বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিচ্ছেন। রাকসুর কেন্দ্রীয় ২৩টি পদে ৩০৫ জন, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে ৫৮ জন, প্রতিটি হল সংসদের ১৫টি করে পদে ১৭টি হলের মোট ২৫৫ টি পদের মোাট ৫৫৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন ভোটার ৪৩টি পদে ভোট দিতে সময় পাবেন ১০ মিনিট। অর্থাৎ একজন ভোটার একটি ভোট দিতে প্রায় ১৪ সেকেন্ডে সময় পাবেন। রাকসুতে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী লড়াই করছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১। এর মধ্যে ছাত্রী ভোটার ১১ হাজার ৩০৫ জন (৩৯.১ শতাংশ) ও ছাত্র ভোটার ১৭ হাজার ৫৯৫ জন (৬০.৯ শতাংশ)।

 

Read more — নির্বাচন
Home