
উত্তরা প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচন অনুষ্ঠানের পর সর্বোচ্চ ১৭ ঘণ্টার মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ। এজন্য হাই প্রোফাইলের ওএমআর মেশিন প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যেই তা পরীক্ষার জন্য ফলাফল স্থলে ইন্সটল করে দেখা হয়েছে। আর এই ওএমআর মেশিন পরিচালনার জন্য জাতীয় ও আন্তর্জাতিক মানের ৪৩ জন বিশেষজ্ঞের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
আজ বুধবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাজ উদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নির্বাচন কমিশনার।
তিনি বলেন, ‘আমরা ডাকসু ও জাকসুর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছি। রাকসুতে আমরা সেগুলোর বিষয়ে সতর্ক থেকেছি। নির্বাচনের ফলাফল প্রস্তত করতে আমরা বিশেষজ্ঞ কমিটি করেছি। তাড়াহুড়া করে ভুল এবং অগ্রহণযোগ্য কোন ফলাফল আমরা প্রকাশ করবো না। আমরা ইতোমধ্যে ৪৩ সদস্য বিশিষ্ট জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বনামধন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ নিয়ে একটি কমিটি করেছি।
১৭ ঘণ্টার ভেতরে ফলাফল প্রকাশ করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হওয়ার সাথে সাথে সকল কেন্দ্র থেকে ব্যবহৃত ব্যালটবাক্স সিলগালা করে বিশেষ নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে ব্যালট বাক্সগুলো কাজী নজরুল ইসলাম মিলনায়তানে নিয়ে আসা হবে। সেখানেই ১৭ টি হলের ফলাফল ধারাবাহিকভাবে তৈরী করা হবে। ওএমআর মেশিনে এটি রিড করে যথাসম্ভব দ্রুত তার সাথে ফলাফল প্রকাশের চেষ্টা করা হবে। একজন ভোটারকে ছয়টি ব্যালটে মোট ৪৩ টি ভোট প্রয়োগ করতে হবে। এই ছয়টি ব্যালট পৃথক ছয়টি ওএমআর মেশিনে স্ক্যান করা হবে। মেশিনের সক্ষমতা অনুযায়ী আমরা আশা করছি সর্বোচ্চ ১৭ ঘণ্টার ভেতর ফল প্রকাশ করতে পারব।’

