
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পিরোজপুর জেলা বিএনপির প্রবীণ নেতা মোতালেব আকনের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করেছেন।
সোমবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে মোতালেব আকন তারেক রহমানের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করে আসছিলেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত এক প্রতিবেদনে বিষয়টি উঠে আসলে তা নজরে পড়ে তারেক রহমানের। পরে তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন মোতালেব আকনের সঙ্গে যোগাযোগ করার জন্য। এরই ধারাবাহিকতায় এই ভার্চুয়াল সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। এ ছাড়া জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক হাফিজ আল আসাদ সাঈদ খান এ সময় উপস্থিত ছিলেন।
‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা, সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা ছাড়াও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সদস্য আলমগীর হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে নেতারা জানান, তারেক রহমানের এই উদ্যোগ কেবল একজন প্রবীণ নেতার ইচ্ছা পূরণ নয়, বরং তৃণমূল কর্মীদের প্রতি তার আন্তরিকতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। তারা এই সাক্ষাৎকে দলের ঐক্য সুসংহত করার একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

