
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রচারণার সময়সীমা বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ফকির নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ অক্টোবর সকাল ৮টা থেকে ১৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। তবে পূর্বের মতোই নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার দিন থেকে ভোটগ্রহণের ২৪ ঘণ্টা আগে পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচারণার সময় নির্ধারিত ছিল। গত ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই প্রচারণা শুরু হয়।
তবে পোষ্যকোটা বাতিলসহ চলমান শাটডাউন কর্মসূচির কারণে নির্বাচনের তারিখ পরিবর্তন করে কমিশন। গত ২২ সেপ্টেম্বর পূর্বনির্ধারিত তারিখের তিনদিন আগে নতুন সময়সূচি ঘোষণা করা হয়। এরপর ২৯ সেপ্টেম্বর থেকে শারদীয় দুর্গোৎসবের ছুটি শুরু হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ ছিল। আজ ৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় প্রচারণার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় কমিশন।
বিজ্ঞপ্তিতে আচরণবিধি মেনে চলার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী, প্রার্থী ও ভোটার ছাড়া অন্য কেউ কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে প্রচারণা চালাতে পারবেন না। প্রচারণায় শুধুমাত্র সাদা-কালো পোস্টার ব্যবহার করা যাবে এবং কোনো ভবনের দেয়ালে লেখা বা পোস্টার লাগানো যাবে না।

