উত্তরা প্রতিদিন
ঢাকা

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

উত্তরা প্রতিদিন দুর্গাপুর প্রতিবেদক ৪ অক্টোবর ২০২৫, ০৭:০৩ অপরাহ্ণ
তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক
রাজশাহীর দুর্গাপুরে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবু বকর সিদ্দিক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী–৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী আবু বকর সিদ্দিক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের ৩১ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন সম্ভব।

তিনি বলেন, “এই কর্মপরিকল্পনাই গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি সত্যিকার জনবান্ধব রাষ্ট্র গঠনের দিশা দেখাবে। জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে এই ৩১ দফা বাস্তবায়ন করা হবে।”

শনিবার (৪ অক্টোবর) বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার উদ্দেশ্য ছিল ‘তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন’।

আবু বকর সিদ্দিক বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। দেশ ও দেশের বাইরে ফ্যাসিবাদী চক্রের এই ষড়যন্ত্র রুখে দিতে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই।”

নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, “দেশে নির্ধারিত সময়ে নির্বাচন না হওয়ার জন্য একটি কুচক্রী মহল সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তথাকথিত পিআর পদ্ধতির অজুহাতে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্তের চেষ্টা চলছে। এখন সবার আলোচ্য বিষয়—ফেব্রুয়ারিতেই নির্বাচন সুনিশ্চিত করা। নির্ধারিত সময়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের সংকট কাটানো সম্ভব।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা নির্বাচন বিলম্বিত করার নীলনকশা আঁকছেন, জনগণ তাঁদের প্রতিহত করবে। এ নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের প্রক্রিয়া নয়; এটি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ।”

পরিশেষে তিনি দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান—তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষের কান্ডারীর কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে।

ঝালুকা ইউনিয়ন বিএনপির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ফয়জুল ইসলাম এবং সঞ্চালনা করেন বিএনপি নেতা সারোয়ার হোসেন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্শেদ শিবলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, জেলা যুবদলের সদস্য খোদাবক্স, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য নাজমুল গনি পিন্টু, মিজানুর রহমান মিজান, আব্দুল কাদের, দুর্গাপুর পৌর যুবদলের সাবেক সভাপতি আরমান আলী, বিএনপি নেতা শামসুল ইসলাম, যুবদল নেতা মোজ্জাফর, সিহাব আলী, এন্তাজ, সালাউদ্দিন, ঝালুকা ইউনিয়ন যুবদলের সাবেক প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, পুঠিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, পুঠিয়া পৌর ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন জনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী এবং সাধারণ নারী-পুরুষ।

Read more — রাজনীতি
Home