
রংপুরকে চতুর্থ জয়ের স্বাদ থেকে বঞ্চিত করে তৃতীয় জয় আদায় করে নিয়েছে রাজশাহী। সাব্বির হোসেনের রাজশাহী ৪ উইকেটে জয় পেয়েছে টুর্নামেন্টের ২১তম ম্যাচে।শনিবার (৪ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় রাজশাহী।
আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত যে সঠিক, সেটি দারুণভাবে প্রমাণ করেছে রাজশাহীর বোলাররা। ৪৩ রানেই ৪ উইকেট তুলে নেয় রংপুরের। ৫৪ রানের জুটি গড়ে চাপ সামালের চেষ্টা চালান ইকবাল হোসেন ও অধিনায়ক আকবর আলী। সেই জুটি ভাঙে দলীয় ৯৭ রানে আকবর ২৮ রান করে বিদায় নিলে। রংপুরের তিন ব্যাটার ছাড়া কেউই পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে। আকবরের ২৮ ছাড়া সর্বোচ্চ ৫০ রান করেন ইকবাল ও ২০ রান আসে নাঈম ইসলামের ব্যাটে।
১৯.৫ ওভারে ১৪৩ রানে অলআউট হয় রংপুর বিভাগ। সাব্বির হোসেন রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পান। জোড়া উইকেট শিকার করেন মেহরব ও আসাদুজ্জামান।
জবাব দিতে নেমে বিপদে পড়ে রাজশাহীও। রংপুরের আবু হাশিমের তোপে ২৯ রানেই হারিয়ে বসে ৫ উইকেট। তিনি একাই শিকার করেন ৪ উইকেট। কেবল সাব্বির হোসেনের (১) প্রথম উইকেটটি নেন মুশফিক হাসান।
আবু হাশিমের শিকার হন মিজানুর রহমান (২), হাবিবুর রহমান (১৬)। পরপর দুই বলে আউট করেন তিনি মেহরব ও প্রীতম। দুজনই ০ রান করে সাজঘরে ফেরেন গোল্ডেন ডাকে।
এই বিপর্যয় থেকে রাজশাহীকে টেনে তোলেন সাব্বির রহমান ও শাকির হোসেন। গড়ে তোলেন ৭৪ রানের জুটি। সেটি ভাঙেন আলাউদ্দিন বাবু সাব্বির রহমানকে ৩৫ রানে ফিরিয়ে। ১০৩ রানে ষষ্ঠ উইকেটের পতন হলেও জয়ের জন্য বাকি ৪১ রান অনায়াসেই সংগ্রহ করেন শাকির ও নিহাদুজ্জামান।
শাকির ৫২ ও নিহাদ অপরাজিত ছিলেন ২৭ রানে। দুই দলই ৬ ম্যাচে সমান ৩ জয় নিয়ে আছে পয়েন্ট টেবিলের চার ও পাঁচে। নেট রানরেটে এগিয়ে থাকায় রংপুরের অবস্থান চারে আর পাঁচে রাজশাহী।

