উত্তরা প্রতিদিন
ঢাকা

রোহিত যুগের অবসান, ভারতের ওয়ানডে অধিনায়কও গিল

উত্তরা প্রতিদিন ক্রীড়া ডেস্ক ৪ অক্টোবর ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ণ
রোহিত যুগের অবসান, ভারতের ওয়ানডে অধিনায়কও গিল
শুভমান গিল

ভারতীয় ক্রিকেটে শুরু হলো নেতৃত্বের নতুন অধ্যায়। দীর্ঘদিনের সফল অধিনায়ক রোহিত শর্মার জায়গায় ওয়ানডে দলের দায়িত্ব পেলেন তরুণ ব্যাটার শুভমান গিল। টেস্টের পর এবার ওয়ানডে দলকেও নেতৃত্ব দেবেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।

আগামী ১৯ অক্টোবর অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকেই গিলকে অধিনায়ক হিসেবে দেখা যাবে।

শনিবার (৪ অক্টোবর) সকালে অনুষ্ঠিত বিসিসিআইয়ের ভার্চুয়াল বৈঠকে প্রধান নির্বাচক অজিত আগারকারের নেতৃত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে যুক্ত ছিলেন ভারতের কোচ গৌতম গম্ভীর ও বোর্ডের নতুন সচিব দেবজিৎ সাইকিয়া। রোহিত শর্মার সঙ্গে আলোচনা শেষে কমিটি সিদ্ধান্ত নেয়—২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এখনই নেতৃত্বের রদবদল প্রয়োজন।

রোহিত শর্মা ২০২১ সালের ডিসেম্বর থেকে ভারতের ওয়ানডে দলকে নেতৃত্ব দিয়েছেন ৫৬ ম্যাচে, যার মধ্যে জয় এসেছে ৪২টিতে। তার নেতৃত্বে ভারত জিতেছে ২০২৩ এশিয়া কাপ ও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি, আর ২০২৩ বিশ্বকাপে দলটি পৌঁছেছিল ফাইনালে।

ভারতের নতুন ওয়ানডে অধ্যায়ের সূচনা হচ্ছে শুভমান গিলের হাত ধরে। তরুণদের নিয়ে নতুন যাত্রায় নামছে টিম ইন্ডিয়া—লক্ষ্য, ২০২৭ বিশ্বকাপের শিরোপা। 

Read more — খেলাধুলা
Home