
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থী বাছাই প্রক্রিয়া চলছে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, শিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হবে।
শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, “প্রতিটি আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন। অনেক আসনে ১০ থেকে ১২ জন প্রার্থীও আছেন। বাছাইয়ের কাজ শেষ করে দ্রুতই প্রতিটি আসনে একক প্রার্থীকে মাঠে কাজ করার নির্দেশ দেওয়া হবে।”
তিনি জানান, নির্বাচনকেন্দ্রিক জোট গঠনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে। গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোর ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের প্রশ্নে এক থাকবে।”
এ সময় আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, “গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। বরং তারা দিল্লিতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। সরকারের উচিত আওয়ামী লীগের বিরুদ্ধে আইসিটি কোর্টে মামলা করা।”
বিএনপি নেতা আরও বলেন, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষপাতী নয় তারা। এ বিষয়ে যা হবে তা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত।

