
সিরিজের সহজ ম্যাচটা কঠিন করে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচটা জিততে পারলে সিরিজটাও নিজেদের করে নিবে জাকের আলী অনিকের দল। সেই লক্ষ্যেই আজ (৩ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানদের মুখোমুখি হচ্ছে টাইগাররা।
শারজাতে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ম্যাচে দুয়েকটি পরিবর্তন আসতে পারে। ১০৯ রানের উদ্বোধনী জুটি গড়া তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের ওপরই আস্থা রাখার কথা টিম ম্যানেজমেন্টের। ফলে তিনেই থাকতে পারেন এশিয়া কাপে ভালো পারফর্ম করা সাইফ হাসান।
মিডল অর্ডারে পাঁচ নম্বরে শামীম হোসেন পাটোয়ারির জায়গায় তাওহিদ হৃদয়কে একাদশে রাখা হতে পারে। নুরুল হাসান সোহান দায়িত্বশীল ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছানোয় তার জায়গা নিশ্চিত একাদশে বলা চলে।
স্পিনার নাসুম আহমেদ ও রিশাদ হোসেন ভালো বোলিং করায় আজও একাদশে দুজনই টিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। টানা খেলার ধকল সামাল দিতে তাসকিনকে বসানো হতে পারে। সেক্ষেত্রে একাদশে আসতে পারেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবের দলে থাকা অনেকটাই নিশ্চিত।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, জাকের আলী (অধিনায়ক), তাওহিদ হৃদয়/শামীম হোসেন, নুরুল হাসান (উইকেটকিপার), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম/তাসকিন আহমেদ।

