
শারদীয় দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস। বন্ধ রয়েছে ডাইনিং-ক্যান্টিনসহ আশপাশের হোটেলগুলোও। ফলে খাদ্য সংকটে পড়েছে ক্যাম্পাসের পথের কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণী। এমন পরিস্থিতিতে ক্ষুধার্ত এসব প্রাণীর পাশে দাঁড়িয়েছে রাকসু নির্বাচনে অংশ নেওয়া ছাত্রদল মনোনীত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল।
গত চার দিন ধরে তারা রান্না করা খাবার—ভাত, খিচুড়ি, মাংস ও বিস্কুট সরবরাহ করছে। পাশাপাশি অসুস্থ ও আহত প্রাণীদের জন্য ওষুধ ও চিকিৎসার ব্যবস্থাও করছে প্যানেলের প্রার্থীরা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় জিমনেসিয়ামের সামনে কুকুর-বিড়ালকে খাবার খাওয়াতে দেখা যায় প্যানেলের বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মাসুম বিল্লাহকে। তিনি বলেন, “ক্যাম্পাস বন্ধ থাকায় পশুপাখিগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। আমরা ক্যাম্পাস খোলার আগ পর্যন্ত তাদের পাশে থাকবো।”
প্যানেলের পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদপ্রার্থী মো. আর-রাফি জানান, নির্বাচিত হলে তিনি ক্যাম্পাসের পশুপাখির জন্য দীর্ঘমেয়াদে কাজ করবেন। তার অঙ্গীকার— ডাইনিং-ক্যান্টিন মালিকরা যেন উচ্ছিষ্ট খাবার বিক্রি না করে প্রাণীদের দেওয়ার ব্যবস্থা করেন।
ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দীন আবীর বলেন, “ক্যাম্পাস বন্ধ হওয়ার পর থেকেই কোনো উচ্ছিষ্ট খাবার পাচ্ছে না কুকুর-বিড়ালগুলো। সেই জায়গায় আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। তারাও আমাদের সমাজের অংশ।” তিনি সকলকে ক্ষুধার্ত প্রাণীদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “এটি কোনো প্রশংসা পাওয়ার জন্য নয়, বরং মানবিক দায়িত্ববোধ থেকে করা উদ্যোগ। উচ্ছিষ্ট খাবার না পেয়ে পশুপাখিগুলো প্রায় মৃতপ্রায় অবস্থায় আছে, তাই তাদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব।”

