
দুর্গাপূজার সময় পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১ অক্টোবর) সকালে রাজধানীর পল্টনে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
রিজভী বলেন, “যারা শেখ হাসিনার পতন মেনে নিতে পারছে না, তারাই পরিকল্পিতভাবে দুর্গাপূজার সময় পাহাড়ে অস্থির পরিস্থিতি তৈরি করছে।”
তিনি অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিভক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি দুর্গাপূজাকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী দেশ থেকেও ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেন তিনি।
তবে পূজার শান্তিপূর্ণ আয়োজন নিশ্চিত করতে হিন্দু-মুসলিম সবাই একসঙ্গে কাজ করছে উল্লেখ করে রিজভী বলেন, “আমরা প্রতিজ্ঞা করেছি—সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখব।”
দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপির এ নেতা।

