
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও পবা-মোহনপুর আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট শফিকুল হক মিলনের ৫৭তম জন্মদিনে রাজশাহীতে মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলার পবা উপজেলার বড়গাছি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে পবিত্র কোরআন শরীফ, সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করেন রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে এইচ রানা শেখ। তিনি বলেন, “শফিকুল হক মিলন শুধু বিএনপির নেতা নন, সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর জন্মদিন উপলক্ষে এ আয়োজনের মূল উদ্দেশ্য অসহায় মানুষের মুখে সামান্য হলেও হাসি ফোটানো।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র আলহাজ্ব শেখ মো. মকবুল হোসেন। তিনি বলেন, “বিএনপি সবসময় জনগণের পাশে আছে। মানবিক এই উদ্যোগ নেতাকর্মীদের ঐক্যকে আরও সুদৃঢ় করবে।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য মোজাফফর হোসেন মুকুল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জনি, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, সদস্য আফজাল পাটোয়ারী, যুবদল নেতা শাহিন আলী লালন, যুবনেতা রাজ্জাকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে অতিথিরা অসহায় মানুষের হাতে কোরআন শরীফ, সেলাই মেশিন ও হুইল চেয়ার তুলে দেন। সুবিধাভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, জন্মদিনের এ আয়োজন কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং বিএনপির সামাজিক দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

