
ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে আইসিসিতে নালিশ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই নালিশের প্রেক্ষিতে শুনানির পর তাকে রাজনৈতিক মন্তব্য থেকে বিরত থাকতে বলেছে আইসিসি।
গতকাল (২৫ সেপ্টেম্বর) দুবাইয়ে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের পরিচালনায় শুনানি হয়। সেই শুনানির পরই এমন নির্দেশনা দেওয়া হয় তাকে। যদিও কোনো শাস্তির ঘোষণা আসেনি, দেওয়া হবে কিনা সেটিও জানা যায়নি।
গত ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর সূর্যকুমার সেই জয়কে পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের উৎসর্গ করেছিলেন। স্মরণ করেছিলেন ভারতের সেনাবাহিনীর সদস্যদেরও। সেই মন্তব্যকে ‘রাজনৈতিক’ আখ্যা দেয় পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।
এছাড়া হাত মেলাতে নিষেধ করায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ওপরও চটেছিল পাকিস্তান।
ভারতও পাকিস্তানের দুই ক্রিকেটারের উদযাপন ও আচরণ নিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে। সুপার ফোরে অর্ধশতক করার পর শাহিবজাদা ফারহানের গানশট সেলিব্রেশন এবং বাউন্ডারি ভারতের দর্শকদের লক্ষ্য করে বিমান ভূপাতিত হওয়ার ইঙ্গিত করে হাত নাড়েন হারিস রউফ।
অভিযোগে বলা হয়েছে, এটি ভারতের সামরিক বাহিনীকে কটাক্ষ করার ইঙ্গিত।

