উত্তরা প্রতিদিন
ঢাকা

১৩৫ জনকে আসামি করে মামলা সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৮ অপরাহ্ণ
১৩৫ জনকে আসামি করে মামলা সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই

রাজশাহীতে ১৩৫ জনকে আসামি করে দায়ের করা মামলার সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো সম্পর্ক নেই। বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টায় নগরীর গণকপাড়ায় এনসিপির মহানগর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ দাবি করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী মহানগর এনসিপির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী। তিনি বলেন, “জুলাইয়ে আহত অপূর্ব নামে এক ব্যক্তি সম্প্রতি বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় ১৩৫ জনকে আসামি করা হয়েছে। অত্যন্ত দুঃখজনক যে, এ মামলা এনসিপির পক্ষ থেকে করা হয়েছে বলে প্রচার চালানো হচ্ছে। বিষয়টি সম্পূর্ণ অসত্য।”

তিনি আরও বলেন, “আমরা মামলাটি দায়ের হওয়ার পর জেনেছি। মামলার সঙ্গে এনসিপির কেউ জড়িত নয়। কিন্তু এ মামলাকে কেন্দ্র করে নানাভাবে আমাদের কাছে ফোন আসছে। কারও কারও বিরুদ্ধে আসামিদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা এবং মামলাটিকে বাণিজ্যিকভাবে ব্যবহার করার অভিযোগ পাওয়া যাচ্ছে। আমরা এসব নোংরামি প্রত্যাখ্যান করছি। যদি প্রমাণ হয়, এনসিপির কোনো নেতা এই মামলায় অর্থ লেনদেনের সঙ্গে জড়িত, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

মোবাশ্বের আলী বলেন, “আমরা লক্ষ্য রাখব, এই মামলায় কারা অব্যাহতি পাচ্ছেন এবং কীভাবে তা ঘটছে। যদি কোনো নির্দোষ ব্যক্তি মামলায় জড়ানো হয়ে থাকে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাদের পাশে দাঁড়াব।”

তিনি আরও হুঁশিয়ারি দেন, “রাজশাহী এনসিপিকে নিয়ে কেউ অপরাজনীতি করতে চাইলে আমরা তা প্রতিহত করব।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী আল আশরারুল ইমাম তানীমসহ দলীয় নেতাকর্মীরা।

Read more — রাজনীতি
Home