বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

রাজশাহীর মানুষ দেশ ও জাতির স্বার্থে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত: ভূমিমন্ত্রী

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক
২১ নভেম্বর ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ
রাজশাহীর মানুষ দেশ ও জাতির স্বার্থে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত: ভূমিমন্ত্রী
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী তথা এ বিভাগের মানুষ হাসতে জানে, আবার প্রয়োজনের সময় রুখে দাঁড়িয়ে লড়াই করতেও জানে। দেশ ও জাতির স্বার্থে তারা নিজেদের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত।

আজ শনিবার দুপুরে রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার মাধ্যমে দেশের যুবসমাজকে এগিয়ে নিতে কাজ করছেন। তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় দক্ষ করে গড়ে তোলা এবং বিশ্বদরবারে বাংলাদেশের মর্যাদা তুলে ধরাই এ উদ্যোগের লক্ষ্য। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আগামী দিনে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশ কারও গোলামি করতে চায় না; বরং পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি ও সহমর্মিতার মধ্য দিয়ে এগিয়ে যেতে চায়।

তিনি আরও বলেন, রাজশাহী শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার প্রাণকেন্দ্র। এ অঞ্চল থেকে অনেক কৃতী খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে রাজশাহী তথা বাংলাদেশের গৌরব তুলে ধরেছেন। রাজশাহী শান্তিপ্রিয় ও অতিথিপরায়ণ মানুষের শহর। এখানে দেখার মতো অনেক দর্শনীয় স্থান রয়েছে। প্রতিযোগিতায় অংশ নিতে আসা শিক্ষার্থীরা রাজশাহীতে আনন্দময় সময় কাটাবেন বলে আশা করি। 

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা গেলে তরুণেরা মাদক ও নানা অপকর্ম থেকে দূরে থাকবে। জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের সম্মানিত করার উদ্যোগ প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, গুণীজনদের সম্মান জানালেই একটি জাতি সমৃদ্ধভাবে এগিয়ে যেতে পারে। আগামীর বাংলাদেশ গড়তে তরুণদের পতাকা হাতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীর সমৃদ্ধ ক্রীড়া ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া আয়োজনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সিটি করপোরেশন। খেলাধুলাকে সম্মানজনক পেশায় রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, নগরীতে ২১টি খেলার মাঠ ও ১৬টি টার্ফ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এসব উদ্যোগ নতুন প্রজন্মকে ক্রীড়াচর্চায় উৎসাহিত করবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার, রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম আজাদ এবং রাজশাহী কোর্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আল মামুন কবির।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিকুল করিম।