নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনের ঘটনায় পদ্মা রেল সংযোগ প্রকল্পের ৩৪ নম্বর পিলারের কংক্রিটের আস্তরণ খসে বেরিয়ে এসেছে ভেতরের রড। ৫০০ থেকে ৬০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আগুনে ক্ষতিগ্রস্ত পিলারটি এখন রেল চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে ওই পিলারের ওপর দিয়ে ট্রেন চলাচলের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০ কিলোমিটার নির্ধারণ করেছে রেল কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা রেলস্টেশন এলাকায় পিলারসংলগ্ন স্থানে আগুনের সূত্রপাত হয়। আগুনে পিলারের পাশের জুতার কারখানা, পুরোনো কাপড়ের মার্কেট, একটি একতলা বাড়ি ও একটি টিনশেড ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও তীব্র তাপে ক্ষতিগ্রস্ত হয় রেল সংযোগের পিলারটি।
পিলারের ক্ষয়ক্ষতি পরিদর্শনে ঘটনাস্থলে যান বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও রেল সংযোগ প্রকল্পের চীনা প্রকৌশলী-কর্মকর্তারা। অগ্নিকাণ্ডের দিনই প্রকল্পসংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পিলারটি পর্যবেক্ষণ করে সংস্কারের উদ্যোগ নেয়। নিরাপত্তার স্বার্থে ওই অংশ দিয়ে ট্রেন চলাচলের গতি সীমিত করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা আবুল হাসানের ভাষ্য, ৩৪ নম্বর পিলারের নিচে থাকা একতলা মার্কেটের একটি দোকানে জুতা তৈরি হতো। প্লাস্টিকের স্যান্ডেল তৈরির পর অবশিষ্ট বর্জ্য ও প্লাস্টিকের বস্তা পিলারের নিচে স্তূপ করে রাখা হয়েছিল। তার ধারণা, শত্রুতাবশত কেউ আগুন লাগিয়ে থাকতে পারে অথবা সিগারেটের অবশিষ্টাংশ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের কারখানা ও মার্কেটে।
পাগলা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সুমন মিয়া জানান, সাধারণ অগ্নিকাণ্ডে তাপমাত্রা ২০০ থেকে ২৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও প্লাস্টিকজাতীয় দাহ্য পদার্থের কারণে এ আগুনের তীব্রতা ৫০০ থেকে ৬০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। অতিরিক্ত তাপে পিলারের কংক্রিটের বাইরের অংশের প্লাস্টার খসে পড়ে এবং ভেতরের রড বেরিয়ে আসে।
অগ্নিকাণ্ডকে পরিকল্পিত নাশকতা বলে সন্দেহ করছেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। তিনি দাবি করেন, স্থানীয় এক নিরাপত্তাকর্মীর মাধ্যমে চারজন দুর্বৃত্তের গোপন বৈঠকের খবর পেয়েছেন। দলীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা পদ্মা রেল সংযোগের পাশের পরিত্যক্ত জুতার কারখানায় আগুন ধরিয়ে দেয় বলে তার অভিযোগ। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হয়নি।
ঘটনার কারণ ও সার্বিক পরিস্থিতি তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে প্রকল্পের প্রকৌশলীরা ক্ষতিগ্রস্ত পিলারটির সংস্কারকাজ চালিয়ে যাচ্ছেন।
উত্তরা / এ এম


