বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

ভিক্ষাবৃত্তির সময় নির্ধারণ করল ‘ফকির কমিটি

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
ভিক্ষাবৃত্তির সময় নির্ধারণ করল ‘ফকির কমিটি
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা

ময়মনসিংহের ফুলপুরে হাটবাজারে ভিক্ষাবৃত্তির সময় নির্ধারণ করে দিয়েছে স্থানীয় ফকির কমিটি। মঙ্গলবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন নির্দিষ্ট সময়ের বাইরে হাটবাজারে ভিক্ষা করা যাবে না বলে ঘোষণা দিয়েছেন কমিটির নেতারা। বিশেষ করে বিকেল ৫টার পর কেউ ভিক্ষা করলে তাকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা ও তিন দিনের কারাদণ্ড দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন কমিটির সভাপতি পরিচয় দেওয়া মো. আনারুল।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এর আগে সোমবার বিকেলে ফুলপুর বাজারে এ ঘোষণা দেওয়া হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে বাজারের মানুষের উদ্দেশে ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি। নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে তিনি জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার ছাড়া অন্য দিনগুলোতে নির্ধারিত সময়ের বাইরে ফুলপুর বাজার এলাকায় ভিক্ষাবৃত্তি করা যাবে না। বিশেষ করে বিকেল ৫টার পর কেউ ভিক্ষা করলে তাকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা ও তিন দিনের কারাদণ্ড দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।


ফকির কমিটির এমন সিদ্ধান্ত ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণের নামে কোনো কমিটির জরিমানা ও কারাদণ্ড দেওয়ার এখতিয়ার রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় বাসিন্দা মোশাররফ হোসেন জানান, শেরপুরের নকলা থেকে এক ব্যক্তি ফুলপুর বাজারে এসে মাইকিং করছিলেন। তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে ফকির কমিটির সভাপতি বলে পরিচয় দেন। এ সময় তার পাশে আরও কয়েকজন ফকিরকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ‘শেরপুর জেলার নকলা থেকে এসে ওই ব্যক্তি হঠাৎ মাইকিং শুরু করেন। মাইকিং শেষে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’




উত্তরা / এ এম