নাটোরে প্রায় ১৩৩ বছরের পুরোনো জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে ট্রাফিক পুলিশের দাপ্তরিক কার্যক্রম। ভবনের ছাদ দিয়ে বৃষ্টির পানি পড়ে, দেয়ালে ধরেছে ফাটল, খসে পড়ছে পলেস্তারা। একই অবস্থা পুলিশ সদস্যদের আবাসিক ব্যারাকেরও। ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে কার্যালয়ের সীমানাপ্রাচীর। এতে পুলিশ সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ।
নাটোর শহরের কান্দিভিটা এলাকায় সদর হাসপাতালসংলগ্ন স্থানে অবস্থিত পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) কার্যালয়, ট্রাফিক বিভাগ। সরেজমিনে দেখা যায়, ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টির সময় ছাদ চুইয়ে পানি পড়ে অফিসকক্ষে। এতে গুরুত্বপূর্ণ নথিপত্র ও কম্পিউটারসহ প্রয়োজনীয় সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে, আবাসিক ব্যারাকেও বৃষ্টির পানি ঢুকে বিছানাপত্র ও কাপড়চোপড় ভিজে যায়।
কার্যালয়ের সীমানাপ্রাচীরের অবস্থাও নাজুক। বিশেষ করে সদর হাসপাতালসংলগ্ন সড়কের পাশের প্রাচীরের বিভিন্ন অংশে ফাটল ধরে হেলে পড়েছে। ওই সড়ক দিয়ে প্রতিদিন রোগী, স্বজন ও সাধারণ পথচারীসহ অসংখ্য মানুষ চলাচল করেন। ফলে প্রাচীরটি ধসে পড়ে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় বাসিন্দা রিনা বলেন, সাত-আট মাস ধরে তিনি এখানে পুলিশ সদস্যদের রান্নার কাজ করছেন। ভবনটির ইট ও অন্যান্য অংশ অনেক পুরোনো হয়ে গেছে। বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি পড়ে। যেকোনো সময় ভবনটি ভেঙে পড়তে পারে বলে ভয় হয়। সরকার ভবনটি সংস্কার করে দিলে পুলিশ সদস্যদের পাশাপাশি তারাও নিরাপদে থাকতে পারবেন।
শহরের মল্লিকহাটি এলাকার বাসিন্দা সিয়াম বলেন, সদর হাসপাতালের পাশে ট্রাফিক অফিসটির অবস্থান হওয়ায় প্রতিদিন অনেক রোগী ও সাধারণ মানুষ এ পথ দিয়ে চলাচল করেন। অফিসের সীমানাপ্রাচীরের অবস্থা খুবই খারাপ। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত প্রাচীরটি সংস্কার অথবা নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
কার্যালয়ের কম্পিউটার অপারেটর পুলিশ সদস্য বিশারদ আলী বলেন, ভবনটি অনেক পুরোনো। বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি প্রবেশ করে অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র ভিজে যায়। এমনকি কম্পিউটার কক্ষের পিসি ও মনিটরের ওপরও পানি পড়ে। ভবনটি সংস্কার করা হলে কাজের পরিবেশ ভালো হতো।
নাটোর ট্রাফিকে কর্মরত এটিএসআই মোহাম্মদ মতিউর রহমান বলেন, ব্যারাকটি দীর্ঘদিন ধরেই নষ্ট অবস্থায় রয়েছে। বর্ষাকালে ছাদ দিয়ে পানি পড়ে কাপড়চোপড় ভিজে যায়। ফলে সেখানে বসবাস করতে বেশ অসুবিধা হয়। ভবনটি মেরামতের পাশাপাশি ঝুঁকিপূর্ণ সীমানাপ্রাচীরটিও সংস্কার করা জরুরি।
এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার শরিফুল হক বলেন, পুলিশের কিছু স্থাপনা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। এটি পুলিশের জন্য বিব্রতকর। অথচ পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত ২৪ ঘণ্টা জনস্বার্থে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, নাটোরে ট্রাফিক পুলিশের জন্য সরকারিভাবে আলাদা কোনো ভবন নেই। বর্তমানে যে ভবনে কার্যক্রম চলছে, সেখানে আগে সদর থানা ছিল। ২০১৩ সালের দিকে সদর থানা নতুন ভবনে স্থানান্তরিত হওয়ার পর থেকে এখানে অস্থায়ীভাবে ট্রাফিক পুলিশের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবনটি ১৮৯৩-৯৪ সালের দিকে নির্মিত। এর অবস্থা অত্যন্ত শোচনীয়। মেরামতের জন্য ইতিপূর্বে পুলিশ সদর দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু ভবনটির অবস্থা এতটাই খারাপ যে, মেরামতের জন্য বরাদ্দ দেওয়া হয়নি।
পুলিশ সুপার আরও বলেন, নতুন ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত ট্রাফিক কার্যালয়টি অন্য কোনো ভাড়া ভবনে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বর্তমান ভবনটিকে অকেজো বা কনডেম ঘোষণা করে ভেঙে ফেলার জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে।


