বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে কী আলোচনা হলো, জানালেন মাহদী আমীন

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
২৩ নভেম্বর ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে কী আলোচনা হলো, জানালেন মাহদী আমীন
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা

জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই দেশের মানুষের মধ্যে ফ্যাসিবাদবিরোধী ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। সেই ঐক্যকে আরও সুসংহত করতে চায় সরকার। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমীন।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মাহদী আমীন বলেন, এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। বৈঠকে এনসিপি নেতারা তাদের বক্তব্য তুলে ধরেছেন, প্রধানমন্ত্রীও সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন। জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে এমন একটি বাংলাদেশ গড়ে তোলার আকাঙ্ক্ষা রয়েছে, যেখানে রাজনৈতিক সহাবস্থান, সহিষ্ণুতা ও সমান অধিকার নিশ্চিত হবে। আজকের আলোচনায় সেই আকাঙ্ক্ষারই বহিঃপ্রকাশ ঘটেছে।

বৈঠকে এনসিপির পক্ষে অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং দুই নেতা হাসনাত আবদুল্লাহ ও আকরাম হোসেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সব শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণ এবং বিভিন্ন মত ও পথের মানুষ এক হয়েছিল। তখন কারও রাজনৈতিক আদর্শ কী, তা বিবেচনায় নেওয়া হয়নি। সবাই এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকে এক হয়েছিলেন, যেখানে মানবাধিকার, আইনের শাসন ও বাক্‌স্বাধীনতা থাকবে। ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে। আজকের মতবিনিময়েও সেই ঐক্যের প্রতিফলন দেখা গেছে।

তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের লড়াই। আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল সেই স্বাধীনতা, মানুষের অধিকার রক্ষা ও প্রতিষ্ঠার আন্দোলন। প্রধানমন্ত্রী তারেক রহমানও বিভিন্ন সময়ে এ বিষয়টি তুলে ধরেছেন। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’ নীতির প্রতিফলন ঘটাতে হবে। বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

মাহদী আমীন বলেন, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রয়োজন। বিশেষ করে দেশের আর্থসামাজিক উন্নয়ন, শিল্পের সুরক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টির মতো বিষয়গুলোতে সবাইকে একমত হতে হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের আলোচনায় দেশের মানুষের স্বার্থে ঐক্যের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

তিনি আরও বলেন, দেশে পতিত স্বৈরাচারের অপশক্তি রয়ে গেছে। তারা দেশের বাইরে অবস্থান করেও যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পতিত স্বৈরাচারের সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধ রয়েছে।

মাহদী আমীন বলেন, ফ্যাসিবাদবিরোধী অবস্থানের ক্ষেত্রে মত, পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অভিযাত্রা এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

বৈঠকে এনসিপির পক্ষ থেকে সরকারের কাছে কোনো শর্ত দেওয়া হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহদী আমীন বলেন, মতবিনিময়ের ক্ষেত্রে শর্ত দেওয়ার মতো কোনো বিষয় ছিল না। এনসিপির প্রতিনিধিদল তাদের বক্তব্য তুলে ধরেছেন, প্রধানমন্ত্রী সরকারের অবস্থান জানিয়েছেন। নতুন করে ঐক্য প্রতিষ্ঠার কিছু নেই। জুলাই গণঅভ্যুত্থানের সময়ই দেশের মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। সেই ঐক্যের ভিত্তিতে একটি স্বাধীন, সার্বভৌম ও তাবেদারমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে রাষ্ট্রের সব ক্ষমতার মালিক হবে জনগণ। প্রতিষ্ঠিত ঐক্যকে আরও সুসংহত করাই সরকারের লক্ষ্য।

সংস্কার কার্যক্রমের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট। প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও জানিয়েছেন, বিএনপি সরকার নির্বাচনি ইশতেহার এবং জাতীয় জুলাই সনদে সইয়ের সময় যে অঙ্গীকার করেছে, তা শতভাগ বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতির সুযোগ নেই।

তিনি বলেন, সরকার সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে কাজ করছে। সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই রেকর্ডসংখ্যক প্রায় শতাধিক অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার সেই প্রক্রিয়া বাস্তবায়ন করবে।