উত্তরা প্রতিদিন
ঢাকা

ভারত ম্যাচের আগে লিটনকে নিয়ে চিন্তা

উত্তরা প্রতিদিন ক্রীড়া ডেস্ক ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৮ অপরাহ্ণ
ভারত ম্যাচের আগে লিটনকে নিয়ে চিন্তা

দুবাইয়ের আইসিসির একাডেমি মাঠে পরশু অনুশীলনে সতীর্থদের সঙ্গে হাসি-রসিকতা করতে করতেই মাঠে এলেন লিটন দাস। দল ভালো খেলছে। তিনি নেতৃত্বও দিচ্ছেন সামনে থেকে। সেই লিটনকে নিয়ে টিম ম্যানেজমেন্টের কিছুটা চিন্তা। ভারত ম্যাচের আগে তিন দিন বিরতি পেয়েছে বাংলাদেশ। লিটনরা অনুশীলন করেছেন এক দিন। গত রোববার ছিলেন বিশ্রামে। মঙ্গলবার ম্যাচের আগের দিনও বিশ্রাম। সোমবার অনুশীলনের শুরুতে ঠিকঠাকই ছিল লিটনের। ব্যাটিং অনুশীলনের সময় পাঁজরের পাশের পেশিতে চোট পাওয়ার পর আর ব্যাটিং করেননি বাংলাদেশ দলের অধিনায়ক। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাৎক্ষণিক বলা হয়েছে, গুরুতর কিছু নয়।

মঙ্গলবার দলের যেহেতু অনুশীলন ছিল না। পুরোটা দিন বিশ্রামে কেটেছে লিটনেরও। তবে দুবাইয়ে একটা এমআরআই করার কথা লিটনের। বুধবার রিপোর্ট দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। দলীয় সূত্রে জানা গেছে, লিটন স্বাভাবিক হাঁটাচলাই করছেন। কিছুটা চিন্তা থাকলেও ভারত-ম্যাচে অধিনায়ককে পাওয়ার আশা এখনই হারাচ্ছে না টিম ম্যানেজমেন্ট।

এশিয়া কাপে এখনো পর্যন্ত ৪ ম্যাচে ১১৯ রান করে শীর্ষ ছয় ব্যাটারদের একজন লিটন। সাফল্যের সঙ্গে রান তাড়া করতে হলে টস জিতে বোলিং নেওয়া শ্রেয় মনে করছে বেশির ভাগ দল। সে ক্ষেত্রে বাংলাদেশ অধিনায়ক লিটন যথেষ্ট সৌভাগ্যবান। ৩ ম্যাচে টস জিতে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, প্রতিটিই কাজে লেগেছে। বাংলাদেশ জিতেছে। বাংলাদেশের তিন জয়ের দুটিই রান তাড়া করে। একটা শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরে ও আরেকটা গ্রুপ পর্বে হংকংয়ের বিপক্ষে।

 

Read more — খেলাধুলা
Home