ভিয়েতনামের ফান থিয়েতে অনুষ্ঠিত পুরুষদের টেনিসের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘ডেভিস কাপ ২০২৬ এশিয়া/ওশেনিয়া গ্রুপ-৫’ টেনিসে ১৪ দেশের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেছে বাংলাদেশ। গত বছর একই প্রতিযোগিতায় ১২তম হয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশ দলের খেলোয়াড় হিসেবে অংশ নেন মোফাজ্জল হোসেন (প্লেয়িং ক্যাপ্টেন), জারিফ আবরার, কাব্য গায়েন ও মো. রাকিন রহমান। দলের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মো. শাফিন আহমেদ। বাংলাদেশের হয়ে খেলা রাজশাহীর কৃতী টেনিস খেলোয়াড় মো. রাকিন রহমান রাকিন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটনের একমাত্র সন্তান।
জানা যায়, শনিবার পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে লাওসের কাছে ২-১ ব্যবধানে হেরে ষষ্ঠ স্থান নিশ্চিত করে বাংলাদেশ। প্রথম একক ম্যাচে বাংলাদেশের কাব্য গায়েন লাওসের সাতাপর্ন সিমমালাভংয়ের কাছে ১-৬, ১-৬ গেমে পরাজিত হন। দ্বিতীয় একক ম্যাচে জারিফ আবরার লাওসের আথিত ক্যাসিনিসের কাছে ৪-৬, ৪-৬ গেমে হেরে যান। তবে দ্বৈত ম্যাচে লাওস অংশ না নেওয়ায় ওয়াকওভার পায় বাংলাদেশ।
প্রতিযোগিতার প্রথম দিনে নেপালের কাছে ৩-০ ব্যবধানে হারে বাংলাদেশ। দ্বিতীয় দিনে শীর্ষ বাছাই বাহরাইনকে ২-১ ব্যবধানে হারিয়ে আসরে প্রথম জয় পায় দলটি। ওই দিন একক ম্যাচে কাব্য গায়েন ও জারিফ আবরার দুজনই জয়লাভ করেন। ডেভিস কাপ নেশন্স র্যাঙ্কিংয়ে বাহরাইনের অবস্থান ১২৮তম এবং বাংলাদেশের ১৪৮তম।


