বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের গ্যালারিতে প্রবেশের অভিযোগে মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের গ্যালারিতে প্রবেশের অভিযোগে মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা


ব্যহারকারীদের নির্দিষ্ট সম্মতি ছাড়াই তাদের ছবি ও ভিডিওতে প্রবেশের অভিযোগে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮০ কোটি ৫০ লাখ ইউরো (৮৮ কোটি ৭০ লাখ ডলার) জরিমানা করেছে ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহের ঘটনায় এ জরিমানা করা হয়েছে। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে মেটা।

ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, অ্যান্ড্রয়েড ডিভাইসে ফেসবুক অ্যাপের মাধ্যমে ইতালির ব্যবহারকারীদের ছবি, ভিডিও ও সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করেছে মেটা। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের কাছ থেকে নির্দিষ্ট সম্মতি নেওয়া হয়নি এবং তাদের যথাযথভাবে বিষয়টি জানানোও হয়নি।

মেটার এক মুখপাত্র বলেন, নিয়ন্ত্রক সংস্থার মূল্যায়ন এবং জরিমানার অঙ্কের সঙ্গে তারা একমত নয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে।

ইতালির কোনো কর্তৃপক্ষের কাছ থেকে প্রযুক্তি প্রতিষ্ঠানের পাওয়া বড় অঙ্কের জরিমানাগুলোর একটি এটি। এর আগে ২০২১ সালে প্রতিযোগিতা আইন লঙ্ঘনের দায়ে অ্যামাজনকে ১১০ কোটি ইউরোর বেশি জরিমানা করেছিল ইতালি। আপিলের পর ওই জরিমানার পরিমাণ কমিয়ে ৭৫ কোটি ২০ লাখ ইউরো করা হয়।

মেটার বিরুদ্ধে ইতালির এই জরিমানার বিষয়টি ফেসবুকের ‘গ্যালারি সাজেশনস’ ফিচারকে কেন্দ্র করে। ২০২৩ সাল থেকে চালু হওয়া এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ফেসবুক ব্রাউজ করার সময় তাদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও পোস্টের ধারণা হিসেবে দেখতে পান।

ইতালির নিয়ন্ত্রক সংস্থার ভাষ্য, ফেসবুক অ্যাপের সব ফিচারের জন্য একটি অনুমতির মাধ্যমে ফোনের গ্যালারিতে প্রবেশের সুযোগ নিয়েছিল। এর আগে একটি সাধারণ নোটিশ দিয়ে অন্য ফিচার চালুর অনুমতি চাওয়া হয়েছিল। ফলে ব্যবহারকারীরা বুঝতে পারেননি, ওই অনুমতি দেওয়ার মাধ্যমে তারা নিজেদের গ্যালারির ছবি ও ভিডিও ব্যবহারেরও অনুমতি দিচ্ছেন।

নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, এখন থেকে এ ফিচারের জন্য মেটাকে আলাদাভাবে ও স্পষ্টভাবে ব্যবহারকারীদের সম্মতি নিতে হবে। গ্যালারিতে প্রবেশের উদ্দেশ্য কী এবং ফিচারটি কীভাবে বন্ধ করা যাবে, সেটিও ব্যবহারকারীদের জানাতে হবে।

জরিমানার পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে ইতালির কর্তৃপক্ষ বলেছে, এ ঘটনায় দেশটির প্রায় দুই কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ছাড়া অনিয়মের সময়কাল এবং তদন্তে মেটার অসহযোগিতার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। যারা অ্যাপ হালনাগাদ করেননি এবং যারা আগে থেকেই এ ব্যবস্থায় সম্মতি দিয়েছেন, তাদের ক্ষেত্রে অনিয়ম এখনো চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মেটার ২০২৫ সালের বার্ষিক আয় ছিল ২০১ বিলিয়ন ডলার এবং নিট মুনাফা ছিল ৬০ দশমিক ৫ বিলিয়ন ডলার। প্রতিষ্ঠানটির বার্ষিক আয়ের প্রায় শূন্য দশমিক ৪ শতাংশের সমান এই জরিমানা।


উত্তরা / এ এম