উত্তরা প্রতিদিন
ঢাকা

নাটোরে শাকিল হত্যার বিচার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ণ
নাটোরে শাকিল হত্যার বিচার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যার প্রতিবাদ এবং আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। আজ বুধবার বিকেলে নাটোরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ করেন তাঁরা।

সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম বলেন, শাকিল দলের জন্য নিবেদিত নেতা ছিলেন। গত ১৭ বছরে তিনি অনেক নির্যাতনের শিকার হয়েছেন। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা যত শক্তিশালীই হোক, তাঁদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। দ্রুত ব্যবস্থা না নিলে ছাত্রদল রাজপথে নেমে বিভিন্ন কর্মসূচি দিতে বাধ্য হবে।

 

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ হোসেন সৃজন বলেন, তারেক রহমানের হাতে গড়া ছাত্রদল ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়েই বর্তমান সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে। শাকিল হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার করা না হলে ছাত্রদলের অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করে বিচার চাইবেন তাঁরা।

সমাবেশে জেলা ছাত্রদলের সহসভাপতি মিনহাজ মনির, যুগ্ম সাধারণ সম্পাদক হামিম শেখ, সাংগঠনিক সম্পাদক হাসান শরিফ চমক ও সদর উপজেলা ছাত্রদলের সভাপতি আনাম আহমেদসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে বিলচলন শহীদ শামসুজ্জোহা কলেজের পাশে হামলার শিকার হন শাকিল ইসলাম। অভিযোগ, পেছন থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয় শাকিলকে। পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর রাতে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল করিম বাদী হয়ে ৮ থেকে ১০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

 

উত্তরা / এ এম 

Read more — সারাদেশ
Home