উত্তরা প্রতিদিন
ঢাকা

আইজিপিকে নিয়ে নরম সুর স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ণ
আইজিপিকে নিয়ে নরম সুর স্বরাষ্ট্রমন্ত্রীর

‘সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ারে পিছপা হবে না’ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) এই বক্তব্যকে আইনের কঠোরতা বোঝাতে প্রয়োগ হিসেবে দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে দায়িত্বশীল জায়গা থেকে এ ধরনের শব্দ ব্যবহারের পক্ষে সায় দেননি স্বরাষ্ট্রমন্ত্রী।

 

‘এই বক্তব্যের পর আইজিপি ব্যাখ্যাও দিয়েছেন। হয়তো ক্রয়ফায়ার অসতর্কভাবে শব্দচয়ন হয়েছে’-যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 

আজ বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 

 

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আইজিপি এমন কথা বলেননি যে ক্রসফায়ার করার নির্দেশনা সরকারের কাছ থেকে পেয়েছেন, কিংবা তিনি নিজে তা করতে চান। তারপরও এ ধরনের শব্দ উচ্চারণ করা তার ঠিক হয়নি।’

 

গত সোমবার পুরান ঢাকার চকবাজারে একটি কমিউনিটি ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি আলী হোসেন ফকির বলেন, ‘যেখানে ক্রসফায়ার প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, তাহলে আমরা সেটাই করব।’

 

তার এ বক্তব্যের পর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। পরে পুলিশ সদর দপ্তর থেকে এই বক্তব্যের ব্যাখাও দেওয়া হয়।

 

 

এতে জানানো হয়, আইজিপির ওই বক্তব্য ছিল আইনের কঠোর প্রয়োগ বোঝাতে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে নয়। তার একদিন পর আইজিপির এই বক্তব্যের পক্ষে সাফাই গেয়ে বিবৃতিও দেয় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

 

 

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর। সস্তা বাহবা ও ক্রেডিট পেতে এমন বক্তব্য আইজিপি দিয়েছেন বলে মনে করেন রিজভী।

 

‘অপরাধ দমনে ক্রসফায়ারের মতো বিচারবহির্ভূত পদ্ধতি ফিরিয়ে আনার কোনো প্রয়োজন নেই। আইজিপির এসংক্রান্ত বক্তব্য সরকারকে স্বস্তির বদলে বিব্রত ও ভীত করবে।’

 

 

গতকাল মঙ্গলবার জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।

 

ক্রসফায়ারের পক্ষে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও উদ্বেগ জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

 

সংস্থাটি বলেছে, এ ধরনের বক্তব্য বিচারবহির্ভূত হত্যাকে অপরাধ দমনের হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠার বিপজ্জনক বার্তা দেয়। এজন্য আইজিপির বক্তব্য প্রত্যাহার, প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং তার প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে টিআইবি। একই সঙ্গে জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে দায়িত্ব থেকে অপসারণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

 

গত সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় টিআইবি। এছাড়াও আইজিপির বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করে আইন ও সালিস কেন্দ্র (আসক)।

 

 

সাংবাদিকদের নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘মাদকের টাকা না পেলে সাংবাদিকরা লিখছেন পুলিশ অকার্যকর’ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। একই অনুষ্ঠানে সাংবাদিকদের নিয়ে এমন মন্তব্য করেছিলেন আইজিপি।

 

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ ভবনের কেবিনেট কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে গত ১৭ বছরে নির্যাতন, গুম ও হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং শহীদ পরিবারের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন কমিটির সদস্যরা।

 

এ সময় সংবিধান সংশোধনের মাধ্যমে গুম প্রতিরোধ, বিচারব্যবস্থা শক্তিশালী করা, অগ্রাধিকার ভিত্তিতে ন্যায়বিচার নিশ্চিত করা, গুমের শিকার ব্যক্তিদের স্বীকৃতি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানানো হয়।

 

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য সংসদ সদস্য সানজিদা ইসলাম, হুমাম কাদের চৌধুরী, আনিছুর রহমান ও মোছা. তাহসিনা রুশদী তাদের নির্যাতনের অভিজ্ঞতা এবং আইনগত সুরক্ষা ও ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার বিষয় তুলে ধরেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও তারা গুরুত্ব দেন।

 

বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নূরুল হক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।

 

 

উত্তরা / এ এম 

Read more — জাতীয়
Home