
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন পেছানো হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ অক্টোবর।
রাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে সোমবার (২২ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চলমান “কর্মবিরতি/শাটডাউন” কর্মসূচি এবং নির্বাচনের দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক কর্মী সরবরাহে সীমাবদ্ধতার কারণে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন সম্ভব নয়।
এ অবস্থায় রাকসু নির্বাচন কমিশন সর্বসম্মতভাবে আগামী ১৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. একে নজরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিরাজমান পরিস্থিতি বিবেচনায় আগামী ২৫ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয়। তাই নির্ধারিত তারিখ পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করা হলো।

