
বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ৫ আগস্টের পর থেকে এক-এগারোর মতো ষড়যন্ত্র করে বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে।সোমবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, যেসময় আমরা সাংগঠনিক কার্যক্রম চালাব, ঠিক সেই সময় অনেকে বিএনপিকে টার্গেট করে বসল। একে আমরা ওয়ান-ইলেভেনের তত্ত্বের সঙ্গে মেলাতে পারি।
জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে তিনি বলেন, দুর্গাপূজা ঘিরে নাশকতা ও অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করা হতে পারে।
এ সময়, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার জন্য দলীয় নেতাকর্মীদের পূজামণ্ডপে প্রহরীর ভূমিকায় লাগাতার অবস্থানের নির্দেশ দেন তিনি।
এই বিএনপি নেতা অভিযোগ করে বলেন, এক সময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, এমন সরকারি কর্মকর্তাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও ওএসডির মতো করে রাখা হয়েছে।

