
আসিয়ান কাপের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে এগিয়ে গেছে সিঙ্গাপুর। ম্যাচের ৩৫তম মিনিটে রায়ান স্টুয়ার্টের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।
ডান দিক থেকে আসা ক্রস থেকে হেডে বল জালে জড়ান স্টুয়ার্ট। এর আগে ৩৩তম মিনিটে বিপদে পড়েছিল বাংলাদেশ। বক্সের সামান্য বাইরে ডান দিকে ফ্রি-কিক পায় সিঙ্গাপুর। বিপজ্জনক জায়গা থেকে নেওয়া শট দুর্দান্তভাবে প্রতিহত করেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান। পরে রক্ষণভাগের খেলোয়াড়রা বিপদমুক্ত করেন।
ম্যাচের শুরুতে আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই কর্নার পায় লাল-সবুজের দল। জামাল ভূঁইয়ার নেওয়া কর্নার বক্সে পৌঁছালেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।
ষষ্ঠ মিনিটে হলুদ কার্ড দেখেন শমিত সোম। সিঙ্গাপুরের জুলকিফলিকে পেছন থেকে জার্সি ধরে আটকানোর কারণে তাঁকে সতর্ক করেন রেফারি।
১৬তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য আক্রমণ করে সিঙ্গাপুর। বাঁ দিক থেকে ইলহান ফান্দির নেওয়া শট ঠেকিয়ে দেন মেহেদী হাসান। সেখান থেকেই ম্যাচের প্রথম কর্নার পায় সিঙ্গাপুর। পরপর দুটি কর্নার পেলেও গোলের সুযোগ তৈরি করতে পারেনি তারা।
৩০তম মিনিটে কুলিং ব্রেকের সময় পর্যন্ত ম্যাচে গোলশূন্য সমতা ছিল। প্রথম ১৫ মিনিটে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। ১৫তম মিনিটে রাকিব হোসেন বল নিয়ে পেনাল্টি বক্সে ঢুকলেও সতীর্থের সহায়তা না পাওয়ায় আক্রমণটি শেষ করতে পারেননি।
এ ম্যাচে একাদশে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দীর্ঘ সময় পর মূল একাদশে ফিরেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। তাঁর সঙ্গে একাদশে ফিরেছেন জিদান ইউসুফ, শুকি ইতোফুসা ও শেখ মোরসালিন।
দুই দল এর আগে পাঁচবার মুখোমুখি হয়েছে। সিঙ্গাপুর জিতেছে তিনবার, বাকি দুই ম্যাচ হয়েছে ড্র। সর্বশেষ গত মার্চে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরে মুখোমুখি হয়েছিল দুই দল। ওই ম্যাচে ১-০ গোলে জিতেছিল সিঙ্গাপুর। এর আগে গত বছরের জুনে ঢাকায় বাংলাদেশকে ২-১ গোলে হারায় তারা।

