উত্তরা প্রতিদিন
ঢাকা

গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেল যুক্তরাষ্ট্র: দাবি ট্রাম্পের

উত্তরা প্রতিদিন বিদেশ ডেস্ক ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেল যুক্তরাষ্ট্র: দাবি ট্রাম্পের

ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ট্রাম্প জানান, এই চুক্তির মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও অন্যান্য সার্বিক চাহিদার ওপর ওয়াশিংটন 'স্থায়ী নিয়ন্ত্রণ' পেয়েছে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে বলেন, 'আমার নির্দেশনায় ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে কাজ করে এটি নিশ্চিত করা হয়েছে যে, যুক্তরাষ্ট্র সবসময় গ্রিনল্যান্ডে প্রয়োজনীয় যেকোনো ব্যবস্থা নেওয়ার সম্পূর্ণ এখতিয়ার রাখবে।'

 

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের লিখিত অনুমোদন ছাড়া কোনো বিদেশি বা প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র গ্রিনল্যান্ডে সামরিক ঘাঁটি স্থাপন কিংবা সেনা মোতায়েন করতে পারবে না। একই সঙ্গে, গ্রিনল্যান্ডের সুবিধাজনক একাধিক স্থানে মার্কিন সামরিক উপস্থিতি গড়ে তোলার পরিকল্পনা অবিলম্বে শুরু করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, শুক্রবার ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পক্ষ থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়, আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিকভাবে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে।

তবে এই চুক্তিটি কার্যকরী হতে নুক (গ্রিনল্যান্ডের রাজধানী) এবং কোপেনহেগেনের (ডেনমার্কের রাজধানী) সংসদীয় অনুমোদনের প্রয়োজন হবে।

চুক্তিটির বিষয়ে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেন, এই প্রস্তাবিত চুক্তিটি ডেনমার্ক সাম্রাজ্যের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং গ্রিনল্যান্ডের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি দেয়।

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস-ফ্রেডেরিক নিলসেন প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তিটি ওই অঞ্চলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। 

Read more — আন্তর্জাতিক
Home