
‘কিং’ নিয়ে অপেক্ষার যেন শেষই হচ্ছে না শাহরুখ খানের ভক্তদের। কবে আসবে ছবির ঝলক, কবে দেখা যাবে প্রিয় তারকাকে নতুন অবতারে এমন প্রশ্ন ঘুরছে অনুরাগীদের মনে। এরই মধ্যে ছবির মুক্তি পিছিয়ে যাওয়ার গুঞ্জনও তৈরি হয়েছিল। তবে এবার সেই অপেক্ষার মাঝেই সুখবর দিলেন খোদ শাহরুখ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে শাহরুখ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘কিং’ পিছিয়ে যাচ্ছে না। বরং আগামী ২৪ ডিসেম্বরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। শুধু তাই নয়, ছবির কাজও প্রায় শেষ বলে জানিয়েছেন অভিনেতা।
এক অনুরাগী শাহরুখের কাছে ‘কিং’ নিয়ে নতুন খবর জানতে চান। তিন বছর ধরে প্রেক্ষাগৃহে তার নতুন ছবি দেখার অপেক্ষার কথা জানিয়ে ওই অনুরাগী ছবির অন্তত একটি ঝলক প্রকাশের অনুরোধ করেন।
জবাবে শাহরুখ বলেন, এবার আর অপেক্ষা করাবেন না। দর্শকদের মন ভরানোর মতো একটি ছবি তৈরি করছেন তিনি। ২৪ ডিসেম্বরের আগেই ছবির সবকিছু সামনে আসবে বলেও ইঙ্গিত দিয়েছেন অভিনেতা।
তবে ‘কিং’-এর পথটা একেবারে মসৃণ ছিল না। শুটিংয়ের সময় একাধিকবার চোট পেয়েছেন শাহরুখ। ফলে কয়েক দফা কাজ বন্ধও রাখতে হয়েছে। এখন অবশ্য সব চোট সেরে গেছে এবং ছবির কাজ প্রায় শেষের পথে।
ছবিটি নিয়ে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেছেন শাহরুখ। তার কথায়, দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখেই ছবিটি তৈরিতে অনেক পরিশ্রম করা হয়েছে। মারপিটের দৃশ্য, গান, তারকাদের উপস্থিতির পাশাপাশি নিজের চুল নিয়েও মজা করেছেন অভিনেতা।
‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পর আবারও অ্যাকশন অবতারে পর্দায় ফিরছেন শাহরুখ। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। শাহরুখের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন তার মেয়ে সুহানা খান। ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চনকেও।
তবে ‘কিং’-এর গল্প নিয়ে এখনও নির্মাতাদের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তাই ছবির ঝলক প্রকাশের আগেই শাহরুখের এই ঘোষণা ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। এখন অপেক্ষা শুধু সেই বহুল কাঙ্ক্ষিত ঝলকের।
উত্তরা /এএম

