
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে স্মরণীয় পারফরম্যান্স করেছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস। লিজেন্ডারি ফাস্ট বোলার ওয়াসিম আকরামের ২৭ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়েছেন তিনি।
আব্বাস প্রথমে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। রাজাউল্লাহর সঙ্গে নবম উইকেট জুটিতে ৪২ রান করে দলকে লিড এনে দেন। দুজনে মিলে ১২১ রান যোগ করেন। তাতে পাকিস্তান ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ইনিংসে ৪৪৯ রান করে।
ইংল্যান্ডকে ১৩০ রানের লক্ষ্য দেওয়ার পর বল হাতেও দুর্দান্ত শুরু করেন আব্বাস। প্রথম ওভারেই দুটি উইকেট নেন তিনি। ইংল্যান্ডের প্রথম দুই ব্যাটার ডাক মারেন। পাকিস্তানেরও আশা জাগে।
জোড়া আঘাতে আব্বাস আকরামের ১৯৯৯ সালের কীর্তির পুনরাবৃত্তি করেন। ওইবার টেস্ট ইনিংসের প্রথম ওভারে দুটি উইকেট নেন সাবেক পেসার। দুই দশকেরও বেশি সময় পর একই সাফল্য পেলেন আব্বাস।
পুরো সিরিজে এই ফাস্ট বোলার দারুণ পারফর্মার ছিলেন। তিন টেস্ট তিনি শেষ করেছেন ১৩ উইকেট নিয়ে এবং বল হাতে চমৎকার অবদান রেখে হয়েছেন পাকিস্তানের সিরিজ সেরা খেলোয়াড়।
৩৬ বছর বয়সী পেসার সিরিজ সেরা হয়ে বললেন, ‘ক্রিকেটে যেকোনো কিছুই সম্ভব, আর নতুন বলে উইকেট নেওয়াটাই আমার বিশেষ দক্ষতা। আমরা নিজেদের মধ্যে আলোচনা করে বলেছিলাম যেকোনো কিছুই সম্ভব এবং আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

