উত্তরা প্রতিদিন
ঢাকা

ট্রাক ছিনতাই করে মুক্তিপণ দাবি, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ণ
ট্রাক ছিনতাই করে মুক্তিপণ দাবি, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

হবিগঞ্জের বাহুবলে ট্রাক ছিনতাই করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার করা হয় তাদের।

গ্রেপ্তাররা হলেন— বাহুবল উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল মহালদার এবং তার সহযোগী বেলাল মিয়া।

পুলিশ জানায়, সিলেটের ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তি সরকারি নিলাম থেকে ভারতীয় চোরাচালানের ১৭১ বস্তা জিরা কিনে ট্রাকে করে ঢাকায় পাঠাচ্ছিলেন। শনিবার সকালে ট্রাকটি বাহুবলের তিতারকোনা এলাকায় পৌঁছালে হেলাল ও বেলাল সেটি আটক করেন। পরে চালকসহ ট্রাকটি বেলালের ফিলিং স্টেশনের পেছনে নিয়ে লুকিয়ে রেখে মালিককে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন বলে অভিযোগ।

 

জিরার মালিকপক্ষ বিষয়টি বাহুবল মডেল থানায় জানালে টহল পুলিশ অভিযান চালিয়ে হেলাল ও বেলালকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জিরাসহ ট্রাকটি উদ্ধার করা হয়।

বাহুবল মডেল থানার ওসি মো. রুহুল আমিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘জিরার মালিক থানায় মামলার এজাহার জমা দিয়েছেন। গ্রেপ্তারদের কারাগারে পাঠানো হবে।’

 

 

উত্তরা/এএম 

Read more — সারাদেশ
Home