উত্তরা প্রতিদিন
ঢাকা

‘বিএনপি কোটায়’ চাকরি দিতে ভাইভায় ৪০০ শতাংশ মার্কস বাড়িয়েছে: সারজিস

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ণ
‘বিএনপি কোটায়’ চাকরি দিতে ভাইভায় ৪০০ শতাংশ মার্কস বাড়িয়েছে: সারজিস

‘বিএনপি কোটায়’ চাকরি দিতে সরকারি নিয়োগের মৌখিক পরীক্ষায় (ভাইভা) ৪০০ শতাংশ মার্কস বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এসব সিদ্ধান্তকে ‘পুরোনো কায়দা’ উল্লেখ করে এগুলো করতে থাকলে ‘৫ বছর ক্ষমতায় থাকা সম্ভব হবে না’ বলে বিএনপি সরকারকে কঠোর হুঁশিয়ারি দেন এনসিপির এ নেতা।

বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা শাখার সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘বিএনপির ছয় মাসের কার্যক্রম নিয়ে আমরা এখন পর্যন্ত সন্তুষ্ট না। আমরা মনে করি, তারা ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে যাচ্ছে। তারা ক্ষমতার অপব্যবহার করছে। প্রত্যেকটা জায়গায় দলীয়করণ, স্বজনপ্রীতি করছে। ভাইভাতে ৪০০ শতাংশ মার্কস বাড়িয়েছে, যেন কেউ প্রিলি-রিটেন টিকলেই বিএনপি কোটায় চাকরি দেওয়া যায়।’

‘এই কাজ যেগুলো করছে বিএনপি, আমরা মনে করি এই কায়দাটা এটা হচ্ছে পুরনো কায়দা। এটা থেকে বের হয়ে আসতে হবে তাদেরকে। আমরা এটার যৌক্তিক সমালোচনা করব এবং বিএনপিকে এটা থেকে বের হতে হবে। যদি না হয় আমাদের রাজপথের কর্মসূচি আরও শক্তিশালী হবে,’ বলেন এনসিপির এ নেতা।

আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা না করার অনুরোধ করেন এনসিপির মুখ্য সংগঠক। এ বিষয়ে তিনি বলেন, ‘খুনি, স্বৈরাচারী ও গণহত্যাকারী আওয়ামী লীগের বাংলাদেশে পতন হয়েছে, ভারতে দাফন হয়েছে; এই চ্যাপ্টার ক্লোজ। বিএনপিকে নিয়ে আমাদের আলোচনা-সমালোচনা থাকবে। চাঁদাবাজি করলে ওইটাও বলব, জমি দখল করলে ওইটাও বলব, কোথাও যদি মানুষের ওপর জুলুম করে ওইটা বলব, থানা দখল করলে ওইটাও বলব; কিন্তু আমরা বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করব না।’

বিএনপির উদ্দেশ্যে আহ্বান জানিয়ে সারজিস বলেন, ‘ডিসি-এসপি, ওসি-ইউএনও সবগুলো বিএনপির নেতা; বিএনপির অফিস থেকে চালাইতে চায়, তাদের মতো করে। তাহলে বাংলাদেশের যে সংস্কারটা আমরা চাই, সেটা তো হওয়া সম্ভব নয়। আমরা প্রত্যাশা করি, বিএনপি এই পুরোনো চরিত্র থেকে, পুরোনো অভ্যস্ততা, পুরোনো মনস্তত্ব থেকে বের হয়ে আসবে। অন্যথায় ধীরে ধীরে বাংলাদেশে বিএনপির রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে যাবে।’

এনসিপির এ নেতার মতে, ‘এগুলো যদি করতে থাকে, গণভোটের রায় যদি বাস্তবায়ন না করে, তাহলে পাঁচ বছর বিএনপির জন্য ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না।’

পে-স্কেল বাড়ানোয় বিএনপি সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘ যে বেতন স্কেল ছিল, এটা দিয়ে এখনকার দিনে একজন মানুষ তার পরিবার নিয়ে কোনোদিন চলতে পারবে না।’

সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে সারজিস আলম বলেন, ‘জনগণের কষ্টে অর্জিত ট্যাক্সের টাকায় আপনার বেতন হয়েছে, আপনারা এখন দায়িত্বটা ও পেশাদারিত্ব সর্বোচ্চ দেখানোর চেষ্টা করেন। এরপরে যদি আপনাদের মধ্যে আমরা দুর্নীতি, টাকার বিনিময়ে কাজ দেখতে পাই, তাহলে আগামীতে যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে নামবে। ওই দিন আর কেউ অফিস করতে পারবেন না।’

 

Read more — রাজনীতি
Home